নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ রাকিব হাসান রিফাত (২২) নামে ছাত্রদলের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার সহযোগী মো. জাহিদ হাসান রনিকে (৩০) আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫২ হাজার ১৫০ টাকা এবং পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে টাইগার রোলিং মিলের সামনে শিবলীর দোকানঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিব হাসান রিফাত শিমরাইল মুন্সীবাড়ি এলাকার মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। অপরদিকে জাহিদ হাসান রনি শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে।

ডিবি পুলিশের এজাহার সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানঘরে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে রিফাতের পরিহিত কোয়ার্টার প্যান্টের ডান পকেট থেকে ৫০ পিস এবং রনির প্যান্টের বাম পকেট থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া ৯০ পিস ইয়াবার ওজন ৯ গ্রাম।

পুলিশের হিসাব অনুযায়ী, প্রতিটি ইয়াবার আনুমানিক দাম ৩০০ টাকা। সে হিসাবে উদ্ধার করা মাদকের বাজারমূল্য প্রায় ২৭ হাজার টাকা। এ ছাড়া রিফাতের কাছ থেকে ৫২ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেলে ইয়াবা সংগ্রহ করে শিমরাইল ও আশপাশের এলাকায় বিক্রি করার কথা জানিয়েছেন বলে দাবি পুলিশের।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম বলেন, ইয়াবাসহ রাকিব হাসান রিফাত ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মাদক, নগদ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।