জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে উন্নত দেশগুলোর কাছে প্রতিশ্রুত অর্থায়ন দ্রুত ছাড়ের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। একই সঙ্গে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ওমান প্যাভিলিয়নে আয়োজিত এক উচ্চপর্যায়ের অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন পরিবেশমন্ত্রী।
‘অ্যাক্সিলারেটিং দ্য গ্রিন এনার্জি ট্রানজিশন: ফাইন্যান্সিং, টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড পার্টনারশিপ ফর ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক অধিবেশনে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর জরুরি। এ লক্ষ্য অর্জনে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন ও কার্যকর প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা প্রয়োজন।
মন্ত্রী জানান, বাংলাদেশ বৃক্ষরোপণ ও বনায়ন কার্যক্রম সম্প্রসারণ, সৌরবিদ্যুৎ উৎপাদনসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে। তবে জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) ও জাতীয় অভিযোজন পরিকল্পনার (এনএপি) আওতায় গৃহীত উদ্যোগগুলো বাস্তবায়নে পর্যাপ্ত আন্তর্জাতিক অর্থায়ন প্রয়োজন।
তিনি আরও বলেন, উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়নের ঘাটতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু মোকাবিলায় যেসব আর্থিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো সময়মতো বাস্তবায়িত না হলে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমন ও অভিযোজন কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।
বৃহৎ জলবায়ু ও জ্বালানি রূপান্তর প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে সহজ শর্তে ঋণসহ প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অধিবেশনে বাংলাদেশের জলবায়ু ঝুঁকির বিষয়টিও তুলে ধরা হয়। জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতার পাশাপাশি আবহাওয়ার পরিবর্তন, পানিসংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, শুষ্ক মৌসুমে লবণাক্ততা এবং নদীভাঙনের কারণে দেশের উপকূলীয় ও নদীভাঙনপ্রবণ এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে মানুষের জীবন-জীবিকা, কৃষি ও পানিসম্পদের ওপর। এসব সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বড় শহরগুলোতে অভিবাসনের প্রবণতাও বাড়ছে বলে আলোচনায় উঠে আসে।
আলোচনায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ের ছোট জলবায়ু প্রকল্প তুলনামূলক সহজে বাস্তবায়ন করা সম্ভব হলেও বৃহৎ পরিসরে জ্বালানি রূপান্তর, অবকাঠামো উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিবেশগত প্রকল্প বাস্তবায়নে বিপুল বিনিয়োগ প্রয়োজন। এ জন্য আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থাকে আরও কার্যকর ও উন্নয়নশীল দেশগুলোর জন্য সহজলভ্য করতে হবে।
এ সময় সুরিনামের তেল, গ্যাস ও পরিবেশমন্ত্রী প্যাট্রিক লয়েস ব্রুনিংস বনসম্পদ সংরক্ষণ এবং কার্বন ক্রেডিটের সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, সুরিনামের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ বনাঞ্চল। কার্বন ক্রেডিট থেকে সম্ভাব্য আয়ের ৬০ থেকে ৭০ শতাংশ পরিবেশ উন্নয়নে ব্যয় করার পরিকল্পনা রয়েছে দেশটির।
অধিবেশনে সবুজ জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অংশীদারত্ব গড়ে তোলা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এতে ওমানের পরিবেশ কর্তৃপক্ষের সভাপতি ড. আবদুল্লাহ বিন আলী আল-আমরি, দেশটির জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী সালিম আল আউফি, সুরিনামের তেল, গ্যাস ও পরিবেশমন্ত্রী প্যাট্রিক লয়েস ব্রুনিংস এবং অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮-এর মহাসচিব রাষ্ট্রদূত সোহেল মাহমুদসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।