এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, পুনঃপরীক্ষা শুরু ২ ডিসেম্বরমী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। পাশাপাশি এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর। এ পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।
পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ করে দিতে বিশ্ববিদ্যালয়গুলোর আবেদনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২ শতাংশ। ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় শিক্ষার্থীদের জন্য পুনর্নিরীক্ষণের ব্যবস্থা করা হয়েছে। গত ৭ নভেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম ২৩ নভেম্বর শেষ হবে। একই দিন পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাওয়ায় দ্রুত ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে উপাচার্যদের সঙ্গে আলোচনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তারাও যাতে আবেদনের সুযোগ পান, সে জন্য সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ করা হবে।
এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগে এ ধরনের শিক্ষার্থীদের ‘রেফার্ড’ বলা হতো। তাদের পুনঃপরীক্ষা আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। তবে এ পরীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও মেডিকেল কলেজগুলোর ভর্তি কার্যক্রম বন্ধ রাখার প্রয়োজন নেই।
উচ্চশিক্ষায় আসনসংকট নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় ১৫ লাখ আসন খালি রয়েছে। বিপরীতে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী। সব মিলিয়ে উচ্চশিক্ষায় ভর্তির জন্য সম্ভাব্য শিক্ষার্থীর সংখ্যা প্রায় ছয় লাখ। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল কলেজসহ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো তাদের ভর্তি কার্যক্রম এগিয়ে নিতে পারে। সেশনজট কমানোই সরকারের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে নিজের আগের শিক্ষামন্ত্রিত্বের অভিজ্ঞতা তুলে ধরে আ ন ম এহছানুল হক মিলন বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালনের সময় পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে বিভিন্ন অনিয়মের ঘটনা পেয়েছিলেন। কোথাও খাতা পরিবর্তন, আবার কোথাও নম্বর প্রদানে অসংগতি দেখা গিয়েছিল। কয়েকজনকে হাতেনাতে ধরলেও ১৯৮০ সালের প্রচলিত আইনে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ক্ষমতা না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, এ বছর জাতীয় সংসদে ১৯৮০ সালের আইন সংশোধন করে নতুন আইন পাস হয়েছে। ২০২৬ সালের নতুন আইনের মাধ্যমে পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আইনি ক্ষমতা দেওয়া হয়েছে। এর সুফল হিসেবে এবারের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে আগে অকৃতকার্য থাকা প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পাস করেছে। এ ছাড়া ৩ হাজার ৭৯ জনের জিপিএ বেড়েছে।
এইচএসসির পুনর্নিরীক্ষণেও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হতে পারে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা যাতে চলতি বছরই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পায়, তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিজের দীর্ঘ শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে শিক্ষামন্ত্রী বলেন, জীবনের সবচেয়ে দীর্ঘ সময় কেটেছে এ বিশ্ববিদ্যালয়ে। চার বছরের কোর্স শেষ করতে তাঁর আট বছরেরও বেশি সময় লেগেছিল। ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থীকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, চার বছরের কোর্স চার বছরেই এবং পাঁচ বছরের কোর্স পাঁচ বছরেই শেষ হওয়া উচিত। নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগলে সেটিকে প্রশাসনিক ব্যর্থতা হিসেবে বিবেচনা করা হবে।
সূএঃসমকাল