জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্তে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি। পুরোনো বাড়ির বৈদ্যুতিক তারের দুর্বল সংযোগ থেকে শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে এমন ধারণা পাওয়া গেছে।
এর আগে বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় এনসিপি পেট্রলবোমা হামলার অভিযোগ তোলে এবং এর জন্য জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করে। নুসরাতও একই অভিযোগ করেন। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের ঘটনাকে নিজেদের সাফল্য হিসেবে প্রচার করে উল্লাস প্রকাশ করেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্বের আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁকে প্রশ্নোত্তর পর্ব শেষে বক্তব্য দেওয়ার অনুরোধ জানান। তবে একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে গুরুতর উল্লেখ করে তাৎক্ষণিক বক্তব্য দেওয়ার দাবি জানান নাহিদ।
এ সময় সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। নাহিদ বলেন, সরকার যদি তাঁদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে সেটি স্পষ্ট করে জানিয়ে দেওয়া উচিত।
তিনি আরও বলেন, তাঁদের মানবাধিকার ও নিরাপত্তার বিষয়ে সরকারকে দায়িত্ব নিতে হবে। আওয়ামী লীগের বিষয়ে সরকারের আপসকামী মনোভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত নিয়ে পুলিশের বক্তব্যের অসংগতির বিষয়টিও সংসদে তুলে ধরেন নাহিদ। তাঁর ভাষ্য, পুলিশ সুপার ফরেনসিক পরীক্ষা শেষ হয়নি বলে জানালেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পেট্রলবোমার আলামত নেই বলে মন্তব্য করেছেন। তদন্ত শেষ হওয়ার আগেই এমন বক্তব্য কীভাবে দেওয়া হলো, সেই প্রশ্ন তোলেন তিনি।
এ ছাড়া মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার প্রসঙ্গও তুলে ধরেন নাহিদ। তাঁর অভিযোগ, ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। সারা দেশে পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে বলে সংসদে দাবি করেন তিনি।
পরে সংসদের বৈঠকে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ ও তদন্তের অগ্রগতি তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগুন লাগা বাড়িটিতে কেউ বসবাস করতেন না। নুসরাতের বাবা-মা ওই বাড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে অন্য একটি বাড়িতে থাকতেন। পরিত্যক্ত বা কম ব্যবহৃত বাড়িটিতে দুটি ছাগল, কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় ছিল। আগুনে এসব জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি ছাগল মারা গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। পাশাপাশি বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে নিয়ে যৌথভাবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, তদন্তে কারও নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি সবার জন্যই উদ্বেগের বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সূএঃসমকাল