অন্য দেশ বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে ব্যর্থ হলে অব্যবহৃত অংশ বাংলাদেশকে দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি আরব। এ ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ। একই সঙ্গে বাংলাদেশি হজযাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজ ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের প্রতিশ্রুতিও দিয়েছে সৌদি সরকার।

শনিবার (১৪ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের আগে গত ৯ নভেম্বর সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। অন্যদিকে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।

বৈঠকে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন সৌদি মন্ত্রী। পাশাপাশি বাংলাদেশি হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার আগ্রহও প্রকাশ করেন।

বিশেষ করে, কোনো দেশ তাদের জন্য নির্ধারিত হজের কোটা পুরোপুরি ব্যবহার করতে না পারলে অব্যবহৃত অংশ বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানান তিনি। এ ধরনের সুযোগ সৃষ্টি হলে বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন সৌদি মন্ত্রী।

বৈঠকে ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ বলেন, ‘বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।’ এ সময় হজ ও ওমরাহ ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রেও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।

অন্যদিকে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন সৌদি আরবের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে পবিত্র হজ ব্যবস্থাপনায় দেশটির উদ্যোগ ও সেবার প্রশংসা করেন। বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি সরকারের সহযোগিতার বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে দুই দেশের মধ্যে যোগাযোগ, সমন্বয় ও তথ্য আদান-প্রদান আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে।

বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম এবং কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম।
সূএঃযুগান্তর