সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে পতিতাবৃত্তির অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, সামাজিক নিরাপত্তা এবং মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার নারীরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। অভিযান শেষে তাদের নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নৈতিকতাবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
সৌদি আরবে পতিতাবৃত্তি আইনত নিষিদ্ধ। এ অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কারাদণ্ড ও আর্থিক জরিমানাসহ আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত দেশটিতে বেত্রাঘাতের শাস্তি প্রচলিত থাকলেও ওই বছর সৌদি সুপ্রিম কোর্টের জেনারেল কমিশনের সিদ্ধান্তে তা বাতিল করা হয়।
দেশটির আইন অনুযায়ী, কোনো প্রবাসী এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে শাস্তি ভোগের পর তাকে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও রয়েছে।
**সূত্র: সৌদি গ্যাজেট।**