ইসরাইলে সরকার পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যেই ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেতে যাওয়া গাদি আইজেনকোটের সঙ্গে গোপন বৈঠক করেছেন তিনি। তবে সম্ভাব্য হামলার সময় ও প্রয়োজনীয়তা নিয়ে ইসরাইলের রাজনৈতিক ও সামরিক মহলে মতপার্থক্য দেখা দিয়েছে।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ইরানবিষয়ক কিছু গোয়েন্দা তথ্য তুলে ধরে দেশটিতে আবারও হামলা চালানোর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন নেতানিয়াহু।
তবে বৈঠকে একটি বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ইরান ইস্যুতে আলোচনার জন্য ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফমান যে ওয়াশিংটন সফরে গেছেন, সে বিষয়ে আইজেনকোট অবগত ছিলেন না বলে জানা গেছে। তাকে এ বিষয়ে ইচ্ছাকৃতভাবে অন্ধকারে রাখা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।
এর আগে নতুন সরকার গঠনের আগে নেতানিয়াহুকে অপ্রয়োজনীয় সামরিক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন আইজেনকোট। ফলে ক্ষমতা হস্তান্তরের সংবেদনশীল সময়ে ইরানে হামলার পরিকল্পনা নিয়ে দুই নেতার আলোচনাকে গুরুত্বের সঙ্গে দেখছে ইসরাইলের রাজনৈতিক মহল।
এদিকে ইরানে হামলার সময় নির্ধারণ নিয়েও ইসরাইলের সামরিক বাহিনীর মধ্যে ভিন্নমত রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-এর তথ্য অনুযায়ী, সেনাপ্রধান ইয়াল জামির ইরানে সামরিক অভিযানের পক্ষে থাকলেও এখনই হামলার উপযুক্ত সময় বলে মনে করছেন না। তার অবস্থান হলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
ইসরাইলের নিরাপত্তা সূত্রগুলোর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে ইরানের পক্ষ থেকে এমন কোনো বড় হুমকি নেই, যার কারণে তাৎক্ষণিকভাবে হামলা চালানো জরুরি। বরং নতুন করে সংঘাতে জড়ালে দীর্ঘমেয়াদি যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন যুদ্ধ শুরুর সম্ভাবনা কম বলে মনে করছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ইসরাইল। এর অংশ হিসেবে মোসাদপ্রধান রোমান গোফমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পরমাণু চুক্তির শর্ত এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিসংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘন করছে—এমন যুক্তি তুলে ধরে ওয়াশিংটনকে বোঝানোর চেষ্টা করছেন গোফমান। তবে এ সফর সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সরকারিভাবে কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোপন সমঝোতার সম্ভাবনা নিয়ে ইসরাইলের মধ্যে উদ্বেগ রয়েছে। তাদের আশঙ্কা, পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমাধান ছাড়াই তেহরানের ওপর থেকে মার্কিন চাপ কমে যেতে পারে। এ পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের বিষয়টি সামনে আনছে ইসরাইল।
তবে সরকার পরিবর্তনের এই সময়ে সম্ভাব্য সামরিক অভিযান নতুন সরকার গঠন এবং দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
**সূত্র: আনাদোলু এজেন্সি।**