দেশজুড়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন শিল্পনগরীগুলোতে ৩৮১টি শিল্প কারখানা বর্তমানে বন্ধ রয়েছে। তবে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগের অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে ২২টি কারখানা চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে এক লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সংসদে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন শ্যামপুর শিল্পাঞ্চলের কারখানাগুলোর বর্তমান অবস্থা জানতে চান। তিনি ওই এলাকায় মোট কতটি শিল্প কারখানা রয়েছে, এর মধ্যে কতটি চালু ও কতটি বন্ধ এবং বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান বাড়াতে সরকারের পরিকল্পনা কী—তা জানতে চান।

জবাবে শিল্পমন্ত্রী জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিক শিল্পনগরী ও শিল্পপার্ক প্রতিষ্ঠা করে। এসব শিল্পনগরীতে বেসরকারি উদ্যোক্তারা প্লট বরাদ্দ নিয়ে কারখানা গড়ে তোলেন। তবে বিসিকের শিল্পনগরীর বাইরে থাকা কারখানাগুলো তাদের আওতাভুক্ত নয়। এ কারণে ঢাকা-৪ সংসদীয় এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে থাকা সব কারখানার সঠিক পরিসংখ্যান বিসিকের কাছে নেই।

মন্ত্রী আরও জানান, সারা দেশে বিসিকের প্রতিষ্ঠিত ৮৪টি শিল্পনগরীতে মোট ১১ হাজার ৭৪৮টি শিল্প প্লট রয়েছে। এসব প্লটে বেসরকারি উদ্যোক্তাদের উদ্যোগে ৬ হাজার ৩৪৪টি শিল্প কারখানা গড়ে উঠেছে। এর মধ্যে বর্তমানে ৩৮১টি কারখানা বন্ধ রয়েছে।

বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগের বিষয়ে তিনি বলেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত ২২টি কারখানা নতুন করে উৎপাদনে ফিরেছে।

শ্যামপুর শিল্পাঞ্চলের বিষয়ে শিল্পমন্ত্রী জানান, সেখানে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তথা শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন দুটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। তবে বর্তমানে প্রতিষ্ঠান দুটিই বন্ধ অবস্থায় রয়েছে।