প্যাকিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে আড়ালে সিগারেট তৈরি ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিন আনার ঘটনা উদ্‌ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। চট্টগ্রাম বন্দর থেকে মেশিনসমৃদ্ধ পুরো প্ল্যান্টটি জব্দ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম বন্দরে অভিযান চালিয়ে মেশিনগুলো জব্দ করা হয়। ঢাকার মিরপুরভিত্তিক আমদানিকারক প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এসব যন্ত্রপাতি আমদানি করে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।

এনবিআর সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা সি-১৩২১৮৭৮ নম্বর বিল অব এন্ট্রিতে চালানটির পণ্য ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে প্যাকিং ও র‍্যাপিং মেশিনের জন্য নির্ধারিত এইচএস কোড ৮৪২২৪০০০ ব্যবহার করা হয়।

তবে সিআইআইডির পরীক্ষায় চালানটিতে সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের সাত ধরনের যন্ত্রপাতি পাওয়া যায়। এগুলো হলো—এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র‍্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর‍্যাপার বা সেলোফেন ওভারর‍্যাপার। অর্থাৎ, চালানটিতে শুধু প্যাকেটজাত করার সরঞ্জাম নয়, সিগারেট উৎপাদনের মূল যন্ত্রপাতিও ছিল।

আমদানি নথিতে চালানটির ঘোষিত মূল্য দেখানো হয়েছে ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ লাখ টাকা। কিন্তু সিআইআইডির তদন্তে মেশিনগুলোর প্রকৃত মূল্য পাওয়া গেছে ৪ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার বা প্রায় ৫ কোটি ৫২ লাখ টাকা। অর্থাৎ, প্রাথমিক হিসাবে যন্ত্রপাতিগুলোর মূল্য ঘোষিত দামের প্রায় ২৫ গুণ।

নথি অনুযায়ী, চালানটির মোট ওজন ৫ হাজার ৫০০ কেজি এবং নিট ওজন ৫ হাজার ২২৬ কেজি। পণ্য খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড।

সিআইআইডির তথ্যপত্রে বলা হয়েছে, রপ্তানিকারক প্রতিষ্ঠান আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মূল ব্যবসা তামাক উৎপাদন ও তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহ। এসব যন্ত্রপাতির আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও চূড়ান্ত ব্যবহারকারীর পরিচয় এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্টদের ধারণা, এসব মেশিন ব্যবহার করে বাজারের পরিচিত ব্র্যান্ড ও শীর্ষ করদাতা প্রতিষ্ঠানের সিগারেট নকল করে উৎপাদন এবং বাজারজাত করার পরিকল্পনা থাকতে পারে। এমনটি হলে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে। একই সঙ্গে নকল সিগারেট বাজারজাতের মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হতে পারে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং চালানটির প্রকৃত উদ্দেশ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে।