দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ার পেছনে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, কাঁচামালের মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যের সংঘাত ও আমদানি ব্যয় বৃদ্ধিকে দায়ী করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)।
সংগঠনটির দাবি, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধির পাশাপাশি জাহাজভাড়া, পরিবহন ব্যয় ও ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়ছে।
লোয়াবের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বারের পাঠানো এক ব্যাখ্যায় এসব কারণ তুলে ধরা হয়েছে। এতে এলপিজির মূল্যবৃদ্ধির চারটি প্রধান কারণের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের বাজারে দামের পার্থক্যের বিষয়টিও ব্যাখ্যা করেছে সংগঠনটি।
লোয়াব জানিয়েছে, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি এবং বাজারে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সংগঠনের সদস্যরা প্রতিশ্রুতিবদ্ধ।
**আন্তর্জাতিক বাজারের ওপর ৮০ শতাংশ নির্ভরশীল এলপিজির দাম**
লোয়াবের ব্যাখ্যা অনুযায়ী, প্রতি মাসের শেষ দিকে সৌদি আরামকো এলপিজির বৈশ্বিক বেঞ্চমার্ক মূল্য বা সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) ঘোষণা করে। এর ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসের প্রথম সপ্তাহে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে।
সংগঠনটির হিসাবে, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মোট মূল্যের প্রায় ৮০ শতাংশ নির্ভর করে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস কেনা ও আমদানি ব্যয়ের ওপর। বাকি ২০ শতাংশের মধ্যে রয়েছে ভ্যাট-ট্যাক্স, সিলিন্ডারে গ্যাস ভরা, মুনাফা, স্থানীয় পরিবহন এবং ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন।
এ কারণে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও তার প্রভাব পড়ে বলে জানিয়েছে সংগঠনটি।
**এক বছরে কাঁচামালের দাম বেড়েছে ২১ শতাংশ**
লোয়াবের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের দাম গত এক বছরে প্রায় ২১ শতাংশ বেড়েছে। ২০২৫ সালে প্রতি টন এলপিজির সৌদি কন্ট্রাক্ট প্রাইসের গড় ছিল প্রায় ৫৫২ ডলার। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৬৬ ডলারে।
এলপিজি মূলত প্রোপেন ও বিউটেনের মিশ্রণ। আন্তর্জাতিক বাজারে এই দুটি উপাদানের দাম বাড়ায় আমদানি ব্যয়ও বেড়েছে।
সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসে প্রোপেনের সৌদি কন্ট্রাক্ট প্রাইস টনপ্রতি ৭২০ ডলার এবং বিউটেনের দাম ৭৮০ ডলার। ৩৫:৬৫ অনুপাতে হিসাব করলে গড় মূল্য দাঁড়ায় প্রায় ৭৫৯ ডলার।
এ ছাড়া মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিকল্প উৎস থেকে এলপিজি সংগ্রহের প্রতিযোগিতা বেড়েছে। এতে সরবরাহকারীদের বাড়তি প্রিমিয়াম দিতে হচ্ছে আমদানিকারকদের।
লোয়াবের হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারিতে প্রতি কেজি এলপিজির নির্ধারিত মূল্য ছিল ১১৩ টাকা। নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সায়।
**মধ্যপ্রাচ্যের সংঘাত ও জাহাজ সংকটে বাড়ছে পরিবহন ব্যয়**
এলপিজির দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে উল্লেখ করেছে লোয়াব। সংগঠনটির দাবি, সংঘাতের কারণে হরমুজ প্রণালি ও বাব-এল-মান্দেব নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে প্রচলিত অনেক সরবরাহ চুক্তি বাতিল ও অনিশ্চিত হয়ে পড়েছে।
লোয়াব জানায়, যুদ্ধ শুরুর আগেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানির উদ্যোগ নিয়েছিল। এর ফলে আন্তর্জাতিক বাজারে সংকটের মধ্যেও দেশে সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। বর্তমানে দেশের মোট এলপিজি চাহিদার প্রায় ৮০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হচ্ছে বলে দাবি সংগঠনটির।
তবে যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে এলপিজি পরিবহনে ব্যবহৃত বিশেষায়িত জাহাজের সংকট তৈরি হয়েছে। এতে জাহাজভাড়া বা ফ্রেইট চার্জ বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে জাহাজভাড়া ও সংশ্লিষ্ট চুক্তিমূল্য স্বাভাবিক সময়ের তুলনায় তিন থেকে চার গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে লোয়াব।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে এলপিজি আমদানি করতে হয়। এতে পরিবহন ব্যয় আরও বাড়ছে। সব মিলিয়ে দেশের বন্দরে পণ্য পৌঁছানো পর্যন্ত এলপিজির মোট আমদানি ব্যয় বা ল্যান্ডেড কস্ট উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
**ডলারের বিপরীতে টাকার মান কমায় বাড়তি চাপ**
এলপিজি আমদানির মূল্য আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারে পরিশোধ করতে হয়। লোয়াবের দাবি, গত এক বছরে ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান প্রায় ৩ শতাংশ কমেছে।
এর ফলে আমদানিকারকদের এলসি খোলা ও পণ্য আমদানিতে স্থানীয় মুদ্রায় বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম ও পরিবহন ব্যয়ের পাশাপাশি ডলারের বিনিময় হারও এলপিজির মূল্যবৃদ্ধিতে ভূমিকা রাখছে।
**ভারতের তুলনায় বাংলাদেশে এলপিজির দাম বেশি কেন?**
বাংলাদেশ ও ভারতের এলপিজির দামের পার্থক্যের পেছনে আমদানি ব্যবস্থা, অবকাঠামো, নিজস্ব উৎপাদন ও সরকারি ভর্তুকির ভিন্নতাকে দায়ী করেছে লোয়াব।
সংগঠনটির ব্যাখ্যায় বলা হয়েছে, ভারতের সমুদ্রবন্দরগুলোতে পর্যাপ্ত গভীরতা থাকায় বড় জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারে। একটি বড় জাহাজে থাকা প্রায় ৪২ হাজার টন এলপিজি সেখানে তিন থেকে চার দিনের মধ্যে খালাস করা সম্ভব।
অন্যদিকে, বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে পর্যাপ্ত গভীরতা না থাকায় বড় জাহাজ থেকে গভীর সমুদ্রে ছোট জাহাজে গ্যাস স্থানান্তর করে বন্দরে আনতে হয়। এ প্রক্রিয়ায় প্রায় ২৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
লোয়াবের হিসাব অনুযায়ী, একটি বড় গ্যাসবাহী জাহাজ পরিচালনায় দৈনিক প্রায় ২ লাখ ডলার ব্যয় হয়। ফলে ২০ দিনে শুধু জাহাজ পরিচালন খরচই দাঁড়ায় প্রায় ৪০ লাখ ডলার। এ বাড়তি ব্যয়ের প্রভাব পড়ে ভোক্তা পর্যায়ের দামে।
এ ছাড়া ভারতের মোট এলপিজি চাহিদার প্রায় ৫০ শতাংশ দেশটির নিজস্ব শোধনাগারে উৎপাদিত হয়। বিপরীতে বাংলাদেশকে প্রায় পুরো চাহিদার জন্য আমদানির ওপর নির্ভর করতে হয়।
ভারতের এলপিজি বাজার বাংলাদেশের তুলনায় প্রায় ২০ গুণ বড় হওয়ায় বিপুল পরিমাণে গ্যাস কেনার ক্ষেত্রে দেশটি আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে পাইকারি মূল্যছাড় ও জাহাজ ব্যবহারে বাড়তি সুবিধা পায় বলেও দাবি করেছে লোয়াব।
দুই দেশের দামের ব্যবধানের আরেকটি কারণ হিসেবে সরকারি ভর্তুকির কথা উল্লেখ করেছে সংগঠনটি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারতে এলপিজি খাতে প্রায় ৩০ হাজার কোটি রুপি বা ৩ দশমিক ১ বিলিয়ন ডলার বাজেটভিত্তিক ভর্তুকি দেওয়া হচ্ছে। অন্যদিকে, বাংলাদেশে এলপিজি খাতে সরকারের কোনো ভর্তুকি নেই। ফলে আমদানি ব্যয়ের বড় অংশ সরাসরি ভোক্তাদের বহন করতে হচ্ছে।
**মহেশখালীতে ল্যান্ড টার্মিনাল নির্মাণের প্রস্তাব**
এলপিজি আমদানি ব্যয় কমাতে মহেশখালীতে ল্যান্ড টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছে লোয়াব। সংগঠনটির মতে, সরকারি উদ্যোগে অথবা সরকারি-বেসরকারি যৌথ অংশীদারত্বে এ ধরনের টার্মিনাল নির্মাণ করা হলে আমদানি ও পরিবহন ব্যয় কমানো সম্ভব হবে।
লোয়াবের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, যুদ্ধের কারণে সরবরাহ চুক্তিতে অনিশ্চয়তা, জাহাজ সংকট, পরিবহন ব্যয় এবং ডলারের বিনিময় হার—সবকিছুর সম্মিলিত প্রভাব পড়ছে দেশের এলপিজি বাজারে। দীর্ঘমেয়াদে এসব ব্যয় কমাতে অবকাঠামোগত উন্নয়ন জরুরি।
**নির্ধারিত দামে বিক্রির নির্দেশনা দিয়েছে লোয়াব**
এদিকে ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে বিশেষ সভা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সভায় নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনও (বিইআরসি) এ বিষয়ে সতর্কবার্তা জারি করেছে।
লোয়াব জানিয়েছে, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনের আওতাধীন সব অপারেটর ও পরিবেশককে নির্ধারিত দামে এলপিজি বিক্রি এবং সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি ভোক্তারা যাতে হয়রানি বা অতিরিক্ত দামের শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
লোয়াবের অনুরোধ, কোনো অসাধু চক্র বা খুচরা বিক্রেতা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করলে প্রশাসন যেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
সূএঃযুগান্তর