নিজের প্রস্রাব পান করার কথা শুনলে অনেকেই অবাক হতে পারেন। কিন্তু বলিউড অভিনেতা পরেশ রাওয়াল একসময় টানা ১৫ দিন ধরে প্রতিদিন সকালে নিজের প্রথম প্রস্রাব পান করেছিলেন। একটি গুরুতর পায়ের আঘাত থেকে দ্রুত সুস্থ হওয়ার আশায় তিনি এমন অদ্ভুত পদ্ধতি অনুসরণ করেছিলেন। সম্প্রতি নয়, প্রায় তিন দশক আগের সেই অভিজ্ঞতার কথা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই অভিনেতা।

ঘটনাটি ১৯৯৬ সালের। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ঘাতক’ সিনেমার শুটিং চলছিল তখন। ছবিতে একটি দৃশ্যের মহড়ার সময় সবকিছু স্বাভাবিক থাকলেও মূল শুটিংয়ের সময় ঘটে বিপত্তি। অভিনেতা রাকেশ পাণ্ডে পরেশকে টেনে নিয়ে যাওয়ার একটি দৃশ্য ধারণ করছিলেন। এ সময় পিচ্ছিল জুতার কারণে ভারসাম্য হারিয়ে পড়ে যান পরেশ। সজোরে হাঁটুতে আঘাত লাগায় গুরুতর আহত হন তিনি।

পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, সহ-অভিনেতা টিনু আনন্দ ও ড্যানি ডেনজংপা তাঁকে দ্রুত মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছিলেন, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে তাঁর অন্তত দুই মাস সময় লাগতে পারে। কিন্তু প্রায় দেড় মাসের মধ্যেই কাজে ফিরে আসেন পরেশ। তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠা দেখে চিকিৎসকেরাও বিস্মিত হয়েছিলেন বলে জানিয়েছেন অভিনেতা।

পরেশ রাওয়ালের দাবি, তাঁর দ্রুত সুস্থ হওয়ার পেছনে ভূমিকা ছিল বলিউডের অ্যাকশন পরিচালক বীরু দেবগনের দেওয়া একটি পরামর্শের। অভিনেতা অজয় দেবগনের বাবা বীরু দেবগন তাঁকে সকালে খালি পেটে নিজের প্রথম প্রস্রাব পান করার কথা বলেছিলেন। তাঁর দাবি ছিল, এতে শরীরের ক্ষতি হবে না এবং আঘাত সারতেও সহায়তা মিলতে পারে।

বীরু দেবগনের পরামর্শটি পরীক্ষা করে দেখতে রাজি হন পরেশ। অভিনেতার ভাষ্য অনুযায়ী, তিনি টানা ১৫ দিন ধরে প্রতিদিন সকালে নিজের প্রস্রাব পান করেন। এমনকি একবারে পান না করে ধীরে ধীরে চুমুক দিয়ে পান করতেন। এ সময় আগের রাতে অ্যালকোহল পান না করার পরামর্শও মেনে চলেছিলেন তিনি।

১৫ দিন পর পায়ের এক্স-রে করানোর পর চিকিৎসকেরা তাঁর সুস্থতার অগ্রগতি দেখে বিস্মিত হয়েছিলেন বলে সাক্ষাৎকারে জানান পরেশ। অভিনেতা এখনও মনে করেন, বীরু দেবগনের দেওয়া সেই পরামর্শ তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। এ ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার অনলাইন।

**কী এই ইউরিন থেরাপি?**

নিজের প্রস্রাব পান করে বা চিকিৎসায় ব্যবহার করার এই প্রচলিত ধারণাকে বলা হয় ইউরিন থেরাপি, ইউরোথেরাপি কিংবা ইউরোফ্যাগিয়া। প্রাচীন ভারত, মিশর, গ্রিস ও রোমের বিভিন্ন চিকিৎসাবিষয়ক লেখায় প্রস্রাবের ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। পরবর্তী সময়েও বিকল্প চিকিৎসার কিছু ধারায় এ পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে।

তবে ঐতিহাসিকভাবে এ পদ্ধতির প্রচলন থাকলেও আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এর কার্যকারিতার নির্ভরযোগ্য প্রমাণ নেই। প্রস্রাবের প্রায় ৯৫ শতাংশ পানি হলেও এতে ইউরিয়া, লবণ ও শরীর থেকে বের করে দেওয়া বিভিন্ন বর্জ্য পদার্থ থাকে। নমুনা সংগ্রহ ও সংরক্ষণের সময় এতে জীবাণুও থাকতে পারে।

চিকিৎসাবিশেষজ্ঞদের দৃষ্টিতে, প্রস্রাব পান করলে হাড় বা পেশির আঘাত দ্রুত সেরে যায়—এমন বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। বরং এটি চিকিৎসার বিকল্প হিসেবে গ্রহণ করা উচিত নয়।ফলে পরেশ রাওয়ালের অভিজ্ঞতা তাঁর ব্যক্তিগত জীবনের একটি ব্যতিক্রমী ঘটনা হলেও ইউরিন থেরাপিকে আঘাত সারানোর প্রমাণিত চিকিৎসাপদ্ধতি হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।