বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে শান্তি আলোচনায় অগ্রগতির সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অপরিশোধিত তেলের দুই প্রধান বেঞ্চমার্কের দামই ১ শতাংশের বেশি কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৪১ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৯১ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও কমেছে। এ বেঞ্চমার্কের প্রতি ব্যারেলের দাম ১ দশমিক ০৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৫ দশমিক ৪৯ ডলারে নেমে এসেছে।

এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। তবে বুধবার বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছিল।

বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতায় অগ্রগতির সম্ভাবনা জ্বালানি তেলের বাজারে প্রভাব ফেলছে। এসব সংঘাতের অবসান হলে বৈশ্বিক সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে পারে—এমন প্রত্যাশাও দামের ওপর প্রভাব রাখছে।
সূএঃযুগান্তর