কক্সবাজারের উখিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারী ও গ্রুপ লিডার এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী স্টেশনে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ সময় অস্ত্রের প্রকাশ্য মহড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। নিরাপত্তার কারণে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মিজানুর রহমান মিজান, সাখাওয়াত হোসেন প্রকাশ মুন্না, আরফাত হোসাইন ও আবু তাহের।
অভিযানে তাঁদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল, ৪১ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, মাদক কারবারের নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। ইয়াবার চালান নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়। এরই ধারাবাহিকতায় দুই পক্ষের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, মিয়ানমার সীমান্তসংলগ্ন পালংখালী এলাকা দিয়ে রাতের আঁধারে বিপুল পরিমাণ ইয়াবা দেশে প্রবেশ করছে। এসব মাদকের একটি অংশ রোহিঙ্গা আশ্রয়শিবিরে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায়ও ছড়িয়ে পড়ছে এসব মাদক। এ কারবারের পেছনে একাধিক প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া মাদক কারবারের সঙ্গে রাজনৈতিক পরিচয় ব্যবহারকারী কয়েকজনের সংশ্লিষ্টতার অভিযোগও তুলেছেন স্থানীয়রা। তাঁদের মধ্যে পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজের নাম এসেছে।স্থানীয়দের ভাষ্য, ইয়াবা আমদানি ও সরবরাহের নিয়ন্ত্রণ নিয়ে আবুল ফয়েজের সঙ্গে উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নালের বিরোধ চলছিল। চালান নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ তীব্র হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, বটতলী স্টেশনে গোলাগুলির ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে দুটি দেশীয় বন্দুক, একটি বন্দুকের ব্যারেল ও ৪১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।তিনি আরও জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি এবং দ্রুত বিচার আইনে আরেকটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।