দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। ঢাকা মহানগরসহ এ বিভাগে নতুন করে ভর্তি হয়েছেন ৯২৪ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬১, খুলনায় ২২৪, রাজশাহীতে ২১৬, বরিশালে ১৮৫, ময়মনসিংহে ৭৬, রংপুরে ৬৩ এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জন। এ সময়ে রোগটিতে প্রাণ হারিয়েছেন ৪৮১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৯১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাস থেকে দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে শুরু করে। পরবর্তী সময়ে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বেড়েছে। অক্টোবরে বছরের সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটে।
সাধারণত নভেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করার কথা থাকলেও এবার পরিস্থিতির তেমন উন্নতি দেখা যাচ্ছে না। বরং প্রতিদিনই উল্লেখযোগ্যসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।
সূএঃপ্রথম আলো