লক্ষ্মীপুরের রায়পুরে পরিত্যক্ত বাড়ির উঠানে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটার ভেতর থেকে একাধিক শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বোমাগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।
এর আগে বুধবার (১১ নভেম্বর) রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কৌটা দুটি পরীক্ষা করে। পরীক্ষায় সেগুলোর ভেতরে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হয়। বিস্ফোরণের ঝুঁকি থাকায় নিষ্ক্রিয় করার আগপর্যন্ত ঘটনাস্থলে পুলিশি নিরাপত্তা জোরদার রাখা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের একটি পরিত্যক্ত বাড়ির উঠানের গর্ত থেকে কৌটা দুটি উদ্ধার করা হয়। সেগুলোর ভেতরে বিস্ফোরক থাকতে পারে—এমন আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে সেখানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়।
এ ঘটনার সঙ্গে একই এলাকার সাইফুল ইসলাম সুজন নামের এক ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় তিনি অভিযুক্ত হন। ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
পুলিশ জানায়, গত সোমবার সুজনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। এর পরদিন বাড়িটির উঠানে মাটির নিচে পুঁতে রাখা দুধের কৌটা দুটি পাওয়া যায়।
স্থানীয় এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায় দুই মাস ধরে সাইফুল ইসলাম সুজনসহ কয়েকজন ওই বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির চারপাশে বাঁশ ও সুপারির পাতা দিয়ে বেড়া তৈরি করা হয়েছিল। বাইরের লোকজনের প্রবেশ ঠেকাতে প্রবেশপথেও প্রতিবন্ধকতা রাখা হয়। প্রতিবেশীদের সঙ্গে তাঁদের তেমন যোগাযোগ ছিল না।
বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং উঠানে পুঁতে রাখা কৌটার ভেতর বিস্ফোরক পাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, দুধের কৌটা দুটিতে একাধিক শক্তিশালী আইইডি বোমা রয়েছে বলে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা প্রাথমিকভাবে নিশ্চিত করেন। বৃহস্পতিবার দুপুরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এর আগে একই ব্যক্তির ভাড়া বাসা থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের পুলিশ পরিদর্শক মুদাচ্ছের কায়সারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
সূএঃযুগান্তর