শৈশবের একটি সাদাকালো ছবি, পুরোনো পাসপোর্ট আর অন্যের মুখে শোনা কিছু স্মৃতি—এটুকু সম্বল নিয়েই ৪৩ বছর পর জন্মদাতা মা–বাবার সন্ধানে বাংলাদেশে এসেছেন নেদারল্যান্ডসের নাগরিক সেলিনা গোমেজ। ৪৫ বছর বয়সী এই নারী কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন হারিয়ে যাওয়া পরিবারের সদস্যদের খোঁজে।
সেলিনা জানান, তাঁর জন্ম কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায়। বয়স যখন মাত্র দেড় বছর, তখন তাঁকে দত্তক নেয় নেদারল্যান্ডসের একটি পরিবার। এরপর তাঁদের সঙ্গে দেশটিতে চলে যান তিনি। সেখানেই বেড়ে ওঠা এবং বর্তমানে নেদারল্যান্ডসের নাগরিক হিসেবে বসবাস করছেন।
দত্তক নেওয়া মা–বাবার কাছে ভালোবাসা ও যত্নে বড় হলেও নিজের জন্মদাতা মা–বাবাকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা কখনো হারাননি সেলিনা। সেই টান থেকেই সর্বশেষ গত ২৮ অক্টোবর বাংলাদেশে আসেন তিনি।
দেশে ফিরে চকরিয়ার মালুমঘাট, ডুলাহাজারা ও খুটাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিবারের সন্ধান করেছেন। এ জন্য স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি লিফলেটও বিতরণ করেছেন। তবে দীর্ঘ চার দশকের বেশি সময় আগে হারিয়ে যাওয়া স্বজনদের খুঁজে পাওয়া যে সহজ নয়, তা বুঝতে পারছেন তিনি।
সেলিনা বলেন, ‘আমাকে যে গল্পটি বলা হয়েছে, তা হলো, আমি মালুমঘাট থেকে এসেছি। একজন নারী আমাকে ঢাকায় নিয়ে যান। ঢাকা থেকে একটি পরিবার আমাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। আসলে এটুকুই কেবল আমি জানি।’
সম্প্রতি চকরিয়ায় নিজের কাছে থাকা পুরোনো পাসপোর্টের কপি ও শৈশবের একটি সাদাকালো ছবি দেখান সেলিনা। পাসপোর্টে তাঁর জন্মতারিখ উল্লেখ রয়েছে ১৯৮১ সালের ৭ জুলাই। জাতীয়তার ঘরে লেখা রয়েছে বাংলাদেশি। শৈশবের ছবিটি দেখিয়ে তিনি বলেন, ‘এটি ছিল বাংলাদেশে আমার শেষ ছবি।’
এরই মধ্যে আবু সৈয়দ নামের এক ব্যক্তি নিজেকে সেলিনার ভাই বলে দাবি করেছেন। তাঁর সঙ্গে পরিচয়ের পর পরিবারের সন্ধান পাওয়ার বিষয়ে আশাবাদী হয়ে উঠেছেন সেলিনা। তবে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি। সম্পর্কের সত্যতা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার ওপর নির্ভর করছেন। ইতিমধ্যে আবু সৈয়দের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন পরীক্ষার ফলাফলের অপেক্ষা।
আবু সৈয়দের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বাবার নাম মোহাম্মদ সাচি মিয়া এবং মায়ের নাম সোনা বানু। তাঁদের বাড়ি চকরিয়া পৌরসভার চিরিংগা ভরামুহুরী এলাকায়। আবু সৈয়দের জন্ম ১৯৭২ সালের ১৪ জানুয়ারি। পেশায় তিনি অটোরিকশাচালক। তাঁর দাবি, শৈশবে তাঁর বোনকে ঢাকায় নিয়ে যাওয়ার পর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
গত রোববার কক্সবাজার শহরের একটি হোটেলে সেলিনার সঙ্গে দেখা করেন আবু সৈয়দ। তিনি বলেন, ‘সেলিনার চেহারা, চোখ, আচরণ—সবকিছুর সঙ্গে আমার মিল রয়েছে। তাঁর প্রতি আমি টান অনুভব করছি। ডিএনএর রিপোর্ট এলেই বিষয়টি নিশ্চিত হয়ে যাব। তবে আমি খুবই খুশি। মনে হচ্ছে, ছোটবেলায় হারিয়ে ফেলা বোনকে কাছে পাচ্ছি।’
অন্যদিকে নিজের জন্মদাতা মা–বাবাকে ফিরে পাওয়ার আকুতি প্রকাশ করে সেলিনা বলেন, ‘আমি আমার মা–বাবাকে খুঁজছি। তাঁদের খুব মিস করি এবং খুঁজে পাওয়ার চেষ্টা করছি। তাঁদের কথা আমার মনে নেই। আমি সত্যিই আমার পরিবার, আমার বাবা, মা ও পরিবারের সবাইকে খুঁজে পেতে চাই। আশা করি, তাঁদের খুঁজে পাব।’
তিনি আরও বলেন, ‘আমি নেদারল্যান্ডসে একা আছি। আমার খুব একা লাগে। আমি চাই, আমার মা–বাবাও জানুক, আমি কেমন আছি, কীভাবে বড় হয়েছি। তাঁদের মেয়ে এখন কেমন আছে। কারণ, আমি জানি, তাঁরাও আমাকে খুব মিস করেন। আমি সত্যিই চাই, আমরা আবার যাতে একসঙ্গে হতে পারি।’
সেলিনা জানান, নেদারল্যান্ডসে তাঁর দত্তক নেওয়া মা–বাবার নাম হেলেনা গোমেজ ও বেনেডি গোমেজ। তাঁদের কাছেই ভালোবাসা ও যত্নে বেড়ে উঠেছেন তিনি। তবে জন্মদাতা মা–বাবার কাছে নিজের জীবনের গল্প পৌঁছে দেওয়ার ইচ্ছা থেকেই পরিবারের সন্ধান করছেন।
বাংলাদেশে ফিরে আসার অনুভূতি জানাতে গিয়ে সেলিনা বলেন, ‘বাংলাদেশের কোনো কিছুই আমার মনে ছিল না। কিন্তু প্রথমবার যখন বাংলাদেশে পৌঁছাই, বিমানবন্দর থেকে বের হয়ে এখানকার বাতাস অনুভব করলাম। বাতাস আর চারপাশের শব্দ পেলাম। সঙ্গে সঙ্গে মনে হলো, ওহ, আমি বাড়িতে এসেছি। আমি বাংলাদেশকে সত্যিই খুব ভালোবাসি।’
সেলিনার ভ্রমণ সহকারী মোহাম্মদ ওমর জানান, পরিবারের সন্ধানে তাঁকে কয়েক দিন ধরে সহযোগিতা করছেন তিনি। এর আগে রাসেল আলম নামের আরেকজন ভ্রমণ সহকারী তাঁর সঙ্গে ছিলেন। সেলিনা আরও প্রায় এক সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন বলে জানিয়েছেন তিনি।
সূএঃপ্রথম আলো