গাজীপুরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন।

জানা গেছে, ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ বিভিন্ন দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা প্রথমে আন্দোলন শুরু করেন। পরে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে গাজীপুরের কোনাবাড়ী ও জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে আশপাশে অবস্থান করছেন। পরিস্থিতির কারণে কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলেও কিছুক্ষণ পর শ্রমিকরা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।