সামাজিক যোগাযোগমাধ্যমে সামনে আটটি পিস্তল সাজিয়ে হুমকিমূলক ভিডিও প্রকাশ করে আলোচনায় আসা মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট হৃদয়’কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাতে নোয়াখালীর কবিরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২১ সেকেন্ডের একটি ভিডিওতে হৃদয়কে সামনে সারিবদ্ধভাবে আটটি পিস্তল রেখে হুমকি দিতে দেখা যায়। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘টাকা দিয়ে মরণের টিকিট কিনেছি’ এবং ‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হৃদয় চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার বাদশা মিয়ার ছেলে। এলাকায় তিনি দক্ষিণ রাউজানের ফজল হক বাহিনীর সদস্য মামুনের সহযোগী বাদশার কর্মী হিসেবে পরিচিত।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ভিডিওটি নজরে আসার পর অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, অস্ত্রের উৎস এবং তাঁর অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অনুসন্ধান শুরু হয়। তদন্তের একপর্যায়ে হৃদয়ের পরিচয় শনাক্ত করে নোয়াখালীর কবিরহাটে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, হৃদয় রাউজানের একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও এবং হুমকিমূলক অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো নিজের নয় বলে জানিয়েছেন তিনি।
পুলিশ আরও জানায়, হৃদয়ের দাবি অনুযায়ী, ভিডিওতে দেখানো অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর ওই ব্যক্তিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল।
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, হৃদয় বিভিন্ন সময়ে মুঠোফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করতেন। পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিওতে রেকর্ড করে রাখতেন। পরে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয় দেখিয়ে বড় অঙ্কের চাঁদা দাবি করতেন। কাউকে কাউকে প্রাণনাশের হুমকিও দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম) মো. রাসেল বলেন, গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে। তাঁর অপরাধ কর্মকাণ্ড, অস্ত্রের উৎস এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত সহযোগীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এদিকে পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড, গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এ সময়ে সেখানে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে ২০টি রাজনৈতিক বিরোধের জেরে। এ ছাড়া শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। এলাকায় অপরাধী গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।