যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি সহকারী শিক্ষক ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর-১ এলাকার বউবাজার বটতলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর থানা পুলিশের সহযোগিতায় অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ লুৎফর রহমান।

গ্রেপ্তার ইমরান হোসেন (৩৮) অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের রানাভাটা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে গত ২৬ অক্টোবর দুপুরে বিদ্যালয়ের বাথরুমে ধর্ষণের অভিযোগ ওঠে শিক্ষক ইমরান হোসেনের বিরুদ্ধে। পরে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটির নম্বর ১৭। মামলা দায়েরের পর থেকেই আত্মগোপনে ছিলেন। 

অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬টার দিকে মিরপুর-১-এর বউবাজার বটতলা এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষককে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে গত ২৮ অক্টোবর বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও বিদ্যালয়ের দপ্তরি মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল।