ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ছয়টি গ্রাম নিয়ে নতুন ইউনিয়ন গঠনের প্রতিবাদে চলা রেল ও সড়ক অবরোধ চার ঘণ্টা পর স্থগিত করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা বিএনপির নেতাদের আশ্বাসে রোববার (৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। তবে আগামী তিন দিনের মধ্যে দাবি পূরণ না হলে পুনরায় অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ী, বৈষ্ণবপুর ও বরিশল—এই ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার প্রস্তাবে এ ইউনিয়ন গঠিত হয়।

নতুন ইউনিয়ন গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন সংশ্লিষ্ট গ্রামগুলোর বাসিন্দারা। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বাসুদেব ইউনিয়ন বিএনপির একটি অংশ।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার সকাল সোয়া ৭টা থেকে কোড্ডা এলাকায় রেলপথ ও সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে ওই পথে ট্রেন ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে তারা তিন দিনের জন্য অবরোধ স্থগিত করেন।

অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী অন্তত সাতটি আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আবারও রেল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন তারা।