বৃষ্টির কারণে কয়েক দিন রাজধানীর বাতাসের মান কিছুটা উন্নত হলেও আবারও বাড়তে শুরু করেছে বায়ুদূষণ। বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে বায়ুদূষণের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে ঢাকা। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বায়ুর মান সূচক (একিউআই) ছিল ১৫৯, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।
এর মাত্র দুই দিন আগে বৃষ্টির প্রভাবে ঢাকার বায়ুর মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছিল। বুধবার সকালে রাজধানীর একিউআই স্কোর নেমে আসে ৯৬-এ। ওই দিন বিশ্বের দূষিত নগরীর তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৯তম। তবে বৃষ্টির প্রভাব কমতেই আবারও বাড়তে শুরু করেছে দূষণের মাত্রা।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও রাজধানীর বাতাসের মানে স্থায়ী উন্নতি দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন, নির্মাণকাজের ধুলাবালি এবং অন্যান্য দূষণকারী উপাদান ঢাকার বায়ুদূষণের অন্যতম কারণ।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীতে গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনের চলাচল তুলনামূলক কম থাকে। অনেক শিল্পকারখানাও বন্ধ থাকে। এরপরও বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে থাকায় দূষণের ব্যাপকতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
**বিশ্বের সবচেয়ে দূষিত তিন নগরী**
আইকিউএয়ারের তালিকায় শুক্রবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত নগরী ছিল ভারতের রাজধানী দিল্লি। শহরটির একিউআই স্কোর ছিল ২৮৭। দ্বিতীয় অবস্থানে থাকা ফিলিপাইনের ম্যানিলার স্কোর ১৭১ এবং তৃতীয় অবস্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ১৬৯।
অন্যদিকে ১৫৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা।
**রাজধানীর যে আট এলাকায় দূষণ বেশি**
আইকিউএয়ারের পর্যবেক্ষণ অনুযায়ী, শুক্রবার রাজধানীর আটটি এলাকায় বায়ুদূষণের মাত্রা তুলনামূলক বেশি ছিল। এলাকাগুলোর মধ্যে সবচেয়ে দূষিত ছিল বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লক। সেখানে একিউআই স্কোর ছিল ১৭২।
এ ছাড়া আগারগাঁওয়ের বিআইডিএস কার্যালয়সংলগ্ন এলাকা ও বাড্ডার প্রগতি সরণিতে বায়ুর মান সূচক ছিল ১৬০। বেচারাম দেউড়িতেও একই স্কোর রেকর্ড করা হয়।
বারিধারা লেকসাইড ও বারিধারা পার্ক রোড এলাকায় একিউআই স্কোর ছিল ১৫৯। অন্যদিকে ইস্টার্ন হাউজিংয়ে ১৫৪ এবং গুলশানের বে’জ এইজ ওয়াটার এলাকায় স্কোর ছিল ১৫৩।
বায়ুর মান সূচক অনুযায়ী, ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের বাতাসে শ্বাস নেওয়ার কারণে সাধারণ মানুষের পাশাপাশি শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
সূএঃপ্রথম আলো