উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোরের কুয়াশা, হিমেল বাতাস ও ঘন আর্দ্রতায় বাড়ছে শীতের অনুভূতি। দিনের বেলায় রোদের তাপ থাকলেও সন্ধ্যার পর থেকে বাড়ছে ঠান্ডা।
রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ।
এর আগের দিন শনিবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৭ ডিগ্রি।
আবহাওয়া অফিস জানায়, শনিবার পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিনের বেলায় গরম অনুভূত হলেও ভোর ও সন্ধ্যায় শীতের আমেজ বাড়ছে। এতে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষকে ঠান্ডার মধ্যেই দৈনন্দিন কাজ শুরু করতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। বিশেষ করে রাত ও ভোরে শীতের অনুভূতি বেশি থাকে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমার পাশাপাশি শীতের তীব্রতাও বাড়তে পারে।