রাজধানীর মগবাজারের আমবাগান এলাকায় রিফাত আবদুল্লাহ (১৮) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রিফাত তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্দকপুর গ্রামের প্রয়াত নুরুন্নবী সোহেলের ছেলে। পরিবারের সঙ্গে মগবাজারের আমবাগান এলাকার একটি বাসার নিচতলায় ভাড়া থাকতেন তিনি।
রিফাতের মা পারভিন আক্তার জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুঠোফোনে মায়ের সঙ্গে কথা বলেন রিফাত। এ সময় তিনি জানতে চান, মা কোথায় আছেন এবং বাসায় ফিরতে কতক্ষণ লাগবে। পারভিন আক্তার তখন ব্যাংকে থাকার কথা জানিয়ে আধা ঘণ্টার মধ্যে বাসায় ফেরার কথা বলেন।এর প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পর বাসায় ফিরে ছেলের কক্ষের দরজা বন্ধ দেখতে পান তিনি। পরে কক্ষে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছেলেকে ঝুলতে দেখেন।
তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে বেল্ট কেটে রিফাতকে নিচে নামানো হয়। প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
রিফাতের বড় বোন জানান, বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে এবং আগের রাতেও ভাইয়ের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছেন তিনি। তাঁর আচরণে কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।