রাজধানীর মোহাম্মদপুরে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত অনুরাগ ফার্মেসিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। ফার্মেসির মালিক সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন।

অনুরাগ ফার্মেসি এবং রেস্টুরেন্টের মালিক সাবেক ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন মোবাইল ফোনে ঢাকা পোস্টকে বলেন, ‘গত ৬ নভেম্বর আমার কাছে শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এরপর তারা আমার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে পরপর দুই দিন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। আজ (শুক্রবার) রাত ১১টার দিকে আমার দোকানে এসে পরপর তিন রাউন্ড গুলি করে। এতে আমার ফার্মেসির গ্লাস ভেঙে যায়।’

ঢাকা পোস্টের হাতে আসা সিসি ফুটেজে দেখা যায়, হেলমেট পরা এবং পাঞ্জাবি গায়ে এক যুবক কোমর থেকে পিস্তল বের করে ওই ফার্মেসিকে লক্ষ্য করে গুলি করে। এরপর সেখান থেকে বের হয়ে আসার সময় তার হাতে একটি ধারালো চাপাতিও দেখা যায়।

ফুটেজে আরও দেখা যায়, আশপাশে অনেক লোকজন থাকলেও তাদের কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। নির্বিঘ্নে সেখান থেকে পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফ বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা করছি।’- সূত্র: ঢাকা পোস্ট