বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের গল্পে যেমন রোমান্স রয়েছে, তেমনি রয়েছে বিচ্ছেদের অধ্যায়ও। ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের সম্পর্কের সূচনা হলেও একপর্যায়ে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে এসে নিজেদের প্রেম, বিয়ে ও দাম্পত্য জীবনের নানা অজানা গল্প তুলে ধরেছেন এই দম্পতি।

করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে হাজির হয়ে ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্যারিয়ারের বিভিন্ন অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তাঁরা।

**‘শেরশাহ’র সময় বিচ্ছেদ**

কিয়ারা জানান, ‘লাস্ট স্টোরিজ’ সিনেমার কাজ শেষে একটি অনুষ্ঠানে সিদ্ধার্থের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে ২০১৯ সালে ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।

তবে সম্পর্কের একপর্যায়ে সিদ্ধার্থের আচরণ নিয়ে অসন্তুষ্ট হয়ে পড়েন কিয়ারা। তাঁর অভিযোগ ছিল, কখনো সিদ্ধার্থ খুব কাছের মানুষ হয়ে উঠতেন, আবার কখনো দূরত্ব বজায় রাখতেন। সম্পর্কের বিষয়ে এমন অনিশ্চয়তা মেনে নিতে পারছিলেন না তিনি।

কিয়ারার ভাষ্য, সম্পর্কের ক্ষেত্রে তিনি স্পষ্ট অবস্থান পছন্দ করেন। হয় সম্পর্কে থাকতে হবে, নয়তো সেখান থেকে সরে যেতে হবে। মাঝামাঝি অবস্থান তাঁর কাছে গ্রহণযোগ্য ছিল না।

অন্যদিকে, তখন নিজের ক্যারিয়ার নিয়েই বেশি মনোযোগী ছিলেন সিদ্ধার্থ। কিয়ারার সঙ্গে সম্পর্কে জড়ানোর অর্থ যে বড় ধরনের দায়িত্ব ও প্রতিশ্রুতি, তা তিনি উপলব্ধি করলেও সে সময় নিজেকে সেভাবে প্রস্তুত মনে করেননি। একপর্যায়ে তাই আলাদা হয়ে যান তাঁরা।

**কারগিল থেকে আবার কাছাকাছি**

তবে বিচ্ছেদ দীর্ঘস্থায়ী হয়নি। ‘শেরশাহ’ সিনেমার কারগিল অংশের শুটিংয়ে গিয়ে কিয়ারার সঙ্গে আবার নিয়মিত যোগাযোগ শুরু করেন সিদ্ধার্থ। শুটিং শেষে প্রতিদিন রাতে তাঁকে ফোন করতেন অভিনেতা।

কিয়ারা জানান, কারগিলে নেটওয়ার্কের সমস্যা থাকলেও সিদ্ধার্থ প্রতিদিন তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করতেন। টানা ৩০ দিন তাঁদের মধ্যে ফোনে যোগাযোগ হয়। কিয়ারার মতে, আনুষ্ঠানিকভাবে তাঁদের প্রেমের সম্পর্কের শুরু হয়েছিল সেই সময়েই।

এরপর সম্পর্ক আরও গভীর হয়। দীর্ঘদিনের প্রেমের পর ২০২৩ সালে রাজস্থানের জয়সালমিরে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি।

দাম্পত্য জীবনের পাশাপাশি এখন ক্যারিয়ার ও পরিবার নিয়েও ব্যস্ত সময় পার করছেন কিয়ারা ও সিদ্ধার্থ। অনুষ্ঠানে তাঁদের প্রেম, বিয়ে, মাতৃত্ব এবং দ্বিতীয় সন্তানকে ঘিরেও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সূএঃপ্রথম আলো