মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’। মাত্র আট দিনেই বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমাটি। এর মধ্য দিয়ে ভারতের চলচ্চিত্র ইতিহাসে দ্রুততম সময়ে এই মাইলফলক স্পর্শ করা ছবিগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে এটি।
নীতেশ তিওয়ারি পরিচালিত মেগাবাজেটের সিনেমাটি গত ৫ নভেম্বর মুক্তি পায়। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, মুক্তির অষ্টম দিন শেষে বিশ্বজুড়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ কোটি ৫৫ লাখ রুপি।
এর মধ্যে ভারতের বাজার থেকে গ্রস আয় হয়েছে ৬৭৫ কোটি ৫ লাখ রুপি। দেশটিতে ছবিটির নেট আয় ৫৬৪ কোটি ৬০ লাখ রুপি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৩৫৮ কোটি ৫০ লাখ রুপি।
মুক্তির অষ্টম দিনেও সিনেমাটির আয়ের গতি ছিল উল্লেখযোগ্য। শুধু হিন্দি সংস্করণ থেকেই ওই দিন আয় হয়েছে ৪৩ কোটি রুপি। পাশাপাশি কন্নড়, তেলেগু ও মালয়ালম সংস্করণ থেকেও ভালো সাড়া পাচ্ছে ছবিটি।
এর আগে মুক্তির পঞ্চম দিনেই ভারতের প্রেক্ষাগৃহে ১০৭ কোটি ৫০ লাখ রুপি আয় করে আলোচনায় আসে ‘রামায়ণ’। ধারাবাহিক এই সাফল্যে অল্প সময়ের মধ্যেই ছবিটি বক্স অফিসের অন্যতম আলোচিত সিনেমায় পরিণত হয়েছে।
রণবীর কাপুর, সাই পল্লবী ও যশের অভিনয় এবং নীতেশ তিওয়ারির নির্মাণশৈলী ঘিরে দর্শকদের আগ্রহই সিনেমাটির ব্যবসায় বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
সূএঃযুগান্তর