সন্তানকে ব্যস্ত রাখতে অনেক অভিভাবকই টেলিভিশন কিংবা মুঠোফোনের সাহায্য নেন। তবে বলিউড অভিনেত্রী অমৃতা রাও ও তাঁর স্বামী আর জে আনমল এ ক্ষেত্রে বেছে নিয়েছিলেন ভিন্ন পথ। ছেলের জীবনের প্রথম পাঁচ বছর তাঁকে টেলিভিশন, মুঠোফোনসহ সব ধরনের ডিজিটাল পর্দা থেকে দূরে রেখেছিলেন তাঁরা।

সম্প্রতি রাজন নাভানির সঞ্চালনায় ‘থিঙ্করাইট’ পডকাস্টে মাতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরেন অমৃতা। সেখানে তিনি জানান, ছেলেকে গ্যাজেটমুক্ত পরিবেশে বড় করতে পেরে মাতৃত্বের অন্যতম আনন্দ খুঁজে পেয়েছেন। তাঁর ভাষায়, ‘মাতৃত্বের সবচেয়ে ভালো দিক ছিল, জীবনের অন্তত পাঁচ বছর আমি আমার সন্তানকে গ্যাজেটমুক্ত রাখতে পেরেছি।’

ছেলে বীরের জন্মের পর থেকেই এ বিষয়ে সচেতন ছিলেন অমৃতা ও আনমল। এমনকি ওই সময় তাঁদের বাড়িতে টেলিভিশনও ছিল না। সন্তানের বেড়ে ওঠায় ডিজিটাল ডিভাইসের প্রভাব এড়াতে তাঁরা শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছিলেন।

২০২৪ সালের ডিসেম্বরে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারেও অমৃতা জানিয়েছিলেন, বীরের জীবনে টেলিভিশন কিংবা মুঠোফোনের কোনো জায়গা নেই। গর্ভাবস্থার পুরো সময়ও তিনি মুঠোফোন ব্যবহার থেকে দূরে থাকার চেষ্টা করেছিলেন।

এ সিদ্ধান্ত নেওয়ার পেছনে ছিল পরিবারের অভিজ্ঞতা। অমৃতার এক চিকিৎসক কাজিন যুক্তরাষ্ট্রে নিজের সন্তানদের ছোটবেলা থেকেই ডিজিটাল স্ক্রিনের বাইরে রেখে বড় করেছেন। তাদের বেড়ে ওঠার অভিজ্ঞতা শুনে অমৃতার মনে হয়েছিল, নিজের ছেলের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।

স্বামী আনমলও এ সিদ্ধান্তে তাঁকে সমর্থন দেন। তাঁর মতে, মা-বাবা হিসেবে তাঁরা বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁদের বিশ্বাস, এসব সিদ্ধান্ত সন্তান ও পরিবারের জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে।

সন্তানকে ডিজিটাল পর্দা থেকে দূরে রাখার এই অভিজ্ঞতা তুলে ধরে অমৃতা বোঝাতে চেয়েছেন, সচেতন পরিকল্পনা ও অভিভাবকদের সহযোগিতা থাকলে ছোটবেলায় গ্যাজেটের ওপর নির্ভরতা ছাড়াও শিশুকে বড় করার চেষ্টা করা সম্ভব।
সূএঃপ্রথম আলো