ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় খতিয়ান ও হোল্ডিংয়ের তথ্য এন্ট্রি, যাচাই এবং সংশোধনের জন্য প্রায় ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ কাজের জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের নাম সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া মাদারীপুরে ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জন্য কম্বল কেনার প্রস্তাবও অনুমোদনের সুপারিশ পেয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় খতিয়ান ও হোল্ডিংয়ের তথ্য এন্ট্রি, যাচাই এবং সংশোধনসংক্রান্ত পরামর্শক সেবা নেওয়া হবে। এ কাজের মূল চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৯৫০ টাকা। সেবাটি দেওয়ার জন্য ইউএনডিপি বাংলাদেশকে সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে, স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের আওতায় মাদারীপুর জেলায় ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন (রিভার)’ প্রকল্পের অধীনে এসব স্থাপনা নির্মিত হবে।
এ প্রকল্পের আওতায় নির্মাণকাজের মূল চুক্তিমূল্য ধরা হয়েছে ৩২৬ কোটি ১৯ হাজার ৭০৭ টাকা ৬২ পয়সা। কাজটি বাস্তবায়নের জন্য ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জন্য পাঁচটি প্যাকেজে কম্বল কেনার প্রস্তাবও অনুমোদনের সুপারিশ পেয়েছে। ই-জিপি পদ্ধতিতে উন্মুক্ত দরপত্রের (ওটিএম) মাধ্যমে রাজস্ব বাজেটের অর্থে এসব কম্বল কেনা হবে। এ খাতে মোট ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৭৩২ টাকা।
পাঁচটি প্যাকেজের মধ্যে একটির জন্য জিসাস ফ্যাশন লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। ঢাকার ৬৬, হাজীপাড়া, ডিআইটি রোডের (দ্বিতীয় তলা) ঠিকানায় প্রতিষ্ঠানটির কার্যালয় অবস্থিত।