বাংলাদেশ খুব ধনী দেশ নয়, তাই শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা ও জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভবিষ্যতে যে পেশাতেই যুক্ত হোক না কেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বঙ্গভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
প্রতিনিধিদলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মোট ৩২ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক অংশ নেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলামের নেতৃত্বে তাঁরা বঙ্গভবন পরিদর্শন করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। ইতিহাস থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।
বঙ্গভবনে শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘তোমরা এত দূর থেকে বঙ্গভবনে এসেছো, তোমরা বঙ্গভবন সম্পর্কে জানতে এসেছো—এতে আমি খুব খুশি হয়েছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।’
রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য এবং রাষ্ট্র কীভাবে পরিচালিত হয়, সে বিষয়ে ধারণা দেওয়ার লক্ষ্যেই বঙ্গভবন পরিদর্শন কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম দেশের ইতিহাস সম্পর্কে জানতে এবং অতীত থেকে অনুপ্রেরণা নিতে পারবে।
এ সময় বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহের বিষয়েও খোঁজ নেন রাষ্ট্রপতি। তাঁরা বঙ্গভবনের তোষাখানা, চিড়িয়াখানাসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেছেন কি না, তা জানতে চান তিনি। বঙ্গভবনে সাবেক রাষ্ট্রপতিসহ বিশিষ্ট ব্যক্তিদের ছবি ও বিভিন্ন ঐতিহাসিক স্মারক সংরক্ষিত রয়েছে উল্লেখ করে সেগুলো সম্পর্কে জানার ওপর গুরুত্ব দেন।
সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর আওতায় এ পরিদর্শন কর্মসূচির আয়োজন করা হয়।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও আলাপচারিতায় অংশ নেন তাঁরা। এ সময় রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন।
কথোপকথনের একপর্যায়ে রাষ্ট্রপতি রাঙ্গামাটি সফরের আগ্রহ প্রকাশ করে বলেন, ‘রাঙ্গামাটি যাওয়ার আমার ইচ্ছা ছিল। সময়-সুযোগ হলে আমি রাঙ্গামাটি সফর করব।’
এ সময় লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. শাহ জালাল, তাসলিমাতুন নাহার এবং সিনিয়র সহকারী শিক্ষক নেত্রী রায় উপস্থিত ছিলেন।