ডেঙ্গু আক্রান্ত বাবা ও কিডনি জনিত রোগে আক্রান্ত বোনের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এসেছিলো দুই বছরের আবু হুরাইরা। চিকিৎসার এক পর্যায়ে আর্থিক সঙ্কটের কারণে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল আবু হুরাইরা মা সেলিনা বেগম।
প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চিকিৎসকের চেম্বারে ছোটাছুটি করছিলেন তিনি। এরমধ্যে ওয়ার্ডের গেট খোলা পেয়ে হাঁটতে হাঁটতে বারান্দায় গিয়ে শিশু আবু হুরাইরা (২) নিচে পড়ে মারা যায়। বুধবার (১১ নভেম্বর) দুপুরে রামেক হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডের দোতলা থেকে পড়ে তার মৃত্যু হয়। পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
নিহত আবু হুরাইরা কুষ্টিয়া সদর এলাকার হৃদয় আলীর ছেলে। তিনি হৃদয় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ও তার মেয়ে উম্মে খাদিজা (৬) ভর্তি রয়েছে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। খাদিজার জন্মগতভাবে একটি কিডনি নেই। তারও পেটের সমস্যা রয়েছে।
পরিবারের সদস্যরা জানায়, চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তাদের জমানো টাকা শেষ হয়ে গিয়েছিল। এ অবস্থায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সেলিনা বেগম। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তিনি চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন। তখন দুই বছরের আবু হুরাইরা ওয়ার্ডে ছিল। একপর্যায়ে গেট খোলা পেয়ে হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায় সে। ওই বারান্দায় কোনো গ্রিল ছিল না। সেখানে পড়ে গিয়েছে। যদিও সেখানে পিলারের প্লাস্টারের কাজ করছিলেন মিস্ত্রিরা। নির্মাণকাজ চলায় জায়গাটি ছিল কিছুটা অরক্ষিত।
এদিকে, হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডের করিডরে একটি বিছানায় বসে আহাজারি করছিলেন আবু হুরািইরার বাবা হৃদয় আলী। পাশেই ছিল তার মেয়ে উম্মে খাদিজা। অসুস্থ শরীর নিয়েই হারানোর শোকে ভেঙে পড়েন তারা।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ওটা নির্মাণাধীন জায়গা, কিছুটা অরক্ষিত ছিল। বাচ্চাটা অভিভাবকহীন অবস্থায় ছিল। বাচ্চাটা খেলতে খেলতে পড়ে গেছে। দ্রুত চিকিৎসা শুরু হলেও শিশুটিকে বাঁচানো যায়নি। হাসপাতালের দাপ্তরিক ও পুলিশের আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।