রাজশাহীর গোদাগাড়ীর কিশোর অটোরিকশাচালক শিহাব রানা (১৭) হত্যা মামলায় তদন্তে পাওয়া এক পলাতক আসামি হাবিবুল বাশার শিমুলকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫-এর সিপিএসসি দল। গ্রেপ্তারকৃত শিমুল (২০) গোদাগাড়ী উপজেলার লস্করহাটি গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে গোদাগাড়ী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।
শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৫ জানিয়েছে, রিকশাচালক শিহাব হত্যাকাণ্ডের সঙ্গে শিমুলের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর শিহাব রানা ভাড়ায় চালানোর জন্য অটোরিকশা নিয়ে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন শিহাবের মা শিরিন আক্তার গোদাগাড়ী থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর তিন দিন পর ৩১ অক্টোবর সকাল ৮টার দিকে কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে ধানখেতে শিহাবের মরদেহ পাওয়া যায়। কিন্তু পাওয়া যায়নি অটোরিকশাটি।
এ ঘটনায় গোদাগাড়ী থানায় হত্যা, চুরি ও আলামত গোপনের অভিযোগে মামলা হয়। গ্রেপ্তার শিমুলকে শুক্রবারই আদালতে পাঠিয়েছে গোদাগাড়ী থানা-পুলিশ। এর আগে এ মামলায় মেজ বাবু নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে।