দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হওয়ার অপেক্ষায় রয়েছেন। জীবনের বিশেষ এই সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছেন তিনি। ছবিটি প্রকাশের পর থেকেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তঃসত্ত্বা অবস্থার একটি ছবি শেয়ার করেন সামান্থা। ছবিতে দেখা যায়, সোফায় একগুচ্ছ কুশনের ওপর হেলান দিয়ে স্বাচ্ছন্দ্যে বসে আছেন তিনি। পরনে লাল রঙের ছাপা কুর্তা ও সাদা পাজামা। চোখে সানগ্লাস। দুই হাত দিয়ে আগলে রেখেছেন স্ফীতোদর।
ছবির ক্যাপশনে সামান্থা লিখেছেন, ‘এটাকেই আমার মাতৃত্বকালীন ফটোশুট বলে ধরে নিন।’ অর্থাৎ প্রচলিত জাঁকজমকপূর্ণ ফটোশুটের পরিবর্তে ঘরোয়া পরিবেশেই মাতৃত্বের এই বিশেষ মুহূর্তকে তুলে ধরেছেন অভিনেত্রী।
ছবিটি প্রকাশ্যে আসার পরপরই ভক্ত ও অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন।
পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন সামান্থা। ২০২৫ সালের ১ ডিসেম্বর ইশা যোগ কেন্দ্রে ঘনিষ্ঠ পরিবার-পরিজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন তারা।
চলতি বছরের জুনে নিজের ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার সাফল্য উদ্যাপনের অনুষ্ঠানে প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন সামান্থা। সে সময় তিনি জানিয়েছিলেন, পেশাগত দায়িত্ব শেষ করে কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নেবেন।
মাতৃত্বের নতুন অধ্যায় ঘিরে এখন ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই অভিনেত্রী।