দিনাজপুরের পার্বতীপুরে যৌতুকের দাবিতে লিমা রানী সরকার (২২) নামে এক গৃহবধূকে নির্যাতন এবং ধারালো ব্লেড দিয়ে দুই হাতের কবজির রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের বড় ভাই সৌরভ চন্দ্র সরকারের দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের চাচেয়া খামার এলাকার শিমুল চন্দ্র সরকারের সঙ্গে লিমা রানী সরকারের বিয়ে হয়। বিয়ের সময় লিমার পরিবার নগদ সাড়ে ৩ লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল ও আসবাবপত্রসহ মোট ১৩ লাখ ৬১ হাজার টাকার উপহারসামগ্রী দিয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, বিয়ের পর থেকেই শাশুড়ি আরতী বালার প্ররোচনায় স্বামী শিমুল চন্দ্র সরকার লিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। প্রায় দুই বছর আগে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় লিমার মা বাদী হয়ে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৫৪৫/২০২৪ নম্বর মামলা করেন। পরে দুই পরিবারের মধ্যে আপস-মীমাংসার পর লিমাকে আবার স্বামীর বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়।

এজাহারের বর্ণনা অনুযায়ী, গত ৩ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে স্বামীর বাড়িতে অবস্থানকালে লিমার কাছে বাবার বাড়ি থেকে ১০ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার দাবি করা হয়। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা ক্ষিপ্ত হন। একপর্যায়ে এক নারী তার বুকের ওপর বসে তাকে চেপে ধরেন। এ সময় স্বামী ও শাশুড়ি ধারালো ব্লেড দিয়ে তার দুই হাতের কবজির রগ কেটে দেন বলে অভিযোগ করা হয়েছে। অন্য অভিযুক্তরা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় তার।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর অভিযুক্তরা স্থানীয় এক পল্লিচিকিৎসককে বাড়িতে ডেকে এনে লিমার দুই হাতে সেলাই ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরদিন ৪ নভেম্বর খবর পেয়ে লিমার পরিবারের সদস্যরা স্বামীর বাড়িতে গেলে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পার্বতীপুর থানা পুলিশের মধ্যপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে যান।

পুলিশের সহায়তায় রক্তাক্ত অবস্থায় লিমাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিন রাত ৯টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই সৌরভ চন্দ্র সরকার লিমার স্বামী শিমুল চন্দ্র সরকার, শাশুড়ি আরতী বালা, মিনতি রানী সরকার, চন্দনা রাণী ও প্রফুল্ল চন্দ্র সরকারসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে এজাহার দিয়েছেন।

এদিকে মানববন্ধনে বক্তারা বলেন, লিমা রানীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।