রাজধানী ঢাকাসহ দেশের ১৫ জেলায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ ও গবেষক মোস্তফা কামাল পলাশ। বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে বেলা ১১টার মধ্যে এসব এলাকায় বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি স্কুলের পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি বলেন, সকাল ৬টার পর থেকে ৯টার মধ্যে ঢাকা শহর ও আশপাশের জেলাগুলোতে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে।

এ ছাড়া সকাল ৬টা থেকে বেলা ১১টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ঝিনাইদহ, মাগুরা ও গোপালগঞ্জ জেলায়।

এদিকে বুধবার ভোরেই রাজধানীর বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাত হয়েছে। ভোর পৌনে ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টি সকাল সোয়া ৬টা পর্যন্ত অব্যাহত ছিল। নিউমার্কেট, গ্রিন রোড, ফার্মগেট, তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও বাংলামোটরসহ আশপাশের এলাকায় বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হয়।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরও ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা দিয়েছে।

বুধবার ভোর ৫টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ ও জলাশয় থেকে দূরে থাকার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূএ:যুগান্তর