একসময় শিশুশিল্পী হিসেবে বেশ পরিচিতি পাওয়া সিমরিন লুবাবা এখন বিনোদন অঙ্গনে নিয়মিত কাজ না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচনায় আসেন। বাগদান ও বিয়ের খবর নিয়ে আলোচনার পর এবার অনুসারীদের নতুন সুখবর দিলেন তিনি। দীর্ঘদিন পর নিজের ফেসবুক পেজ ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন লুবাবা।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। পোস্টে লুবাবা লেখেন, ‘আসসালামু আলাইকুম, রাজ আলআমিনের মাধ্যমে আমি আমার পেইজ ফিরে পাই। কারো পেইজের সমস্যা হলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফলো দিয়ে রাখুন।’

লুবাবার এই ঘোষণার পর তাঁর অনুসারীদের মধ্যে আনন্দ দেখা গেছে। অনেকেই পেজ ফিরে পাওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে বাল্যবিবাহের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয় লুবাবাকে ঘিরে। কেউ তাঁকে শুভকামনা জানান, আবার কেউ তাঁর বয়স বিবেচনায় বিয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।

পরে গণমাধ্যমকে লুবাবা জানান, তাঁর বিয়ে হয়নি। তবে পাত্রের সঙ্গে দুই পরিবারের সম্মতিতে বাগদান সম্পন্ন হয়েছে।

বাগদত্তার সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।’

বিয়ের সময় নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে পরবর্তী সময়ে আরেকটি পোস্ট দেন লুবাবা। সেখানে তিনি জানান, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই তাঁদের বিয়ে সম্পন্ন হবে। এ জন্য সবার কাছে দোয়া চান তিনি।

উল্লেখ্য, প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পাশাপাশি মডেলিংয়েও কাজ করেছে সে। তবে গত বছরের শেষ দিকে বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় লুবাবা।
সূএ:যুগান্তর