অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের ৮২ বছর বয়সী হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। দীর্ঘ ১০ বছরের সাধনায় ২০১৬ সালে সম্পন্ন করেন কোরআন হিফজ।
মরিয়মের জন্ম ইয়েমেনের তায়েজ প্রদেশের জাবাল সাবর পাহাড়ি এলাকার হাদনান গ্রামে। এমন এক সময়ে তাঁর বেড়ে ওঠা, যখন গ্রামীণ নারীদের শিক্ষার সুযোগ ছিল খুবই সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করে কাটিয়েছেন তিনি। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় কখনো পড়তে বা লিখতে শেখা হয়নি তাঁর।
তবে ছোটবেলা থেকেই পবিত্র কোরআনের প্রতি ছিল গভীর ভালোবাসা। একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তাঁর ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের জন্য হিফজের পথ আরও সহজ হয়।
কোরআন মুখস্থ করতে প্রতিদিন কঠোর নিয়ম মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে মুখস্থ করা আয়াত শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যায় বাড়ি ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং আগের মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।
তাঁর এই দীর্ঘ সাধনার সবচেয়ে বড় সঙ্গী ছিল একটি ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতে পছন্দ করতেন তিনি। একটি ক্যাসেটের তিলাওয়াত মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাঁকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।
তবে পুরো কোরআন মুখস্থ করার পথ সহজ ছিল না। একই ধরনের আয়াত ও শব্দের মিল থাকায় কিছু অংশ মনে রাখতে বেশ সমস্যা হতো। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে আয়ত্ত করতে তাঁকে বেশি পরিশ্রম করতে হয়েছে। কিন্তু নিয়মিত শোনা ও অনুশীলনের মাধ্যমে শেষ পর্যন্ত সেই বাধাও অতিক্রম করেন তিনি।
এভাবে প্রায় ১০ বছরের অধ্যবসায়ের পর ২০১৬ সালে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। আনন্দে কেঁদে ফেলেন এবং সিজদায় গিয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তাঁর এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরাও।
মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তাঁর নাতি-নাতনির সংখ্যা ২১। পরিবারের অনেক সদস্য উচ্চশিক্ষিত হলেও তাঁদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাঁদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।
কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তাঁর বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।
উল্লেখযোগ্য বিষয় হলো, মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট এবং নানা প্রতিকূলতার মধ্যেও থেমে থাকেনি তাঁর সাধনা। বরং পবিত্র কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তাঁর মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।
শিক্ষার সুযোগ না পাওয়া, বার্ধক্য কিংবা প্রতিকূল পরিবেশ—কোনো কিছুই যে দৃঢ় ইচ্ছাশক্তির সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।
সূত্র: আল-মুশাহিদ