দীর্ঘ ৯ বছরের পথচলার সমাপ্তি ঘটেছে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিংয়ের মধ্য দিয়ে। দীর্ঘ এই সময়ে ধারাবাহিকটির গল্প ও চরিত্র দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। এবার শুটিং শেষ হওয়ার মুহূর্তে পুরোনো দিনের স্মৃতিতে ডুব দিলেন কাবিলা চরিত্রে অভিনয় করা অভিনেতা জিয়াউল হক পলাশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে নিজের দীর্ঘ পথচলার নানা স্মৃতি তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন, এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় এবং ব্যক্তিগত বেড়ে ওঠার গল্প।

পোস্টে পলাশ লিখেছেন, ‘এখান থেকেই সবকিছুর শুরু। এই রাস্তা, এই গাছতলা, চেনা বিকেলগুলো সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে কত কথা, কত হাসি আর কত না-বলা গল্প। সময় কত দ্রুত বদলে যায়!’

তিনি আরও লেখেন, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা যখন শুরু হয়েছিল, তখন সেটি ছিল কেবল নতুন একটি গল্পের সূচনা। এরপর সময়ের সঙ্গে পেরিয়েছে দিন, গড়িয়েছে বছর। এই দীর্ঘ সময়ে অসংখ্য স্মৃতি জমা হয়েছে, যা তাঁর কাছে বিশেষ হয়ে থাকবে।

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। কাবিলা, পাশা, হাবু ও শুভসহ বিভিন্ন চরিত্রের অভিনয় দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছে। দীর্ঘদিনের এই জনপ্রিয় যাত্রার সমাপ্তিতে তাই অভিনয়শিল্পীদের পাশাপাশি দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আবেগ ও স্মৃতিকাতরতা।