রাজশাহী নগরীর ১৫টি ওয়ার্ডের ৯ থেকে ১৪ বছর বয়সী ১৫০ জন সুবিধাবঞ্চিত কিশোরীর মধ্যে হাইজিন কিটসহ নানা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে নগর ভবনের সিডিসি'র কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরীদের হাতে এসব সামগ্রী তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

ইউএনডিপি, সিডকা ও বাংলাদেশ সরকারের সহযোগিতায়  প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহী মহানগরীর কিশোরীর এসব সামগ্রী বিতরণ করা হয়। এসব সামগ্রীর  মধ্যে রয়েছে, হাইজিন কিট, আয়রন ও ভিটামিন ট্যাবলেট, সাবান, মাল্টিফাংশনাল কিট এবং জুট ব্যাগ।

রাসিক প্রশাসক জানান, কিশোরীদের সুস্থ ও স্বাস্থ্যসম্মতভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসব হাইজিন কিট ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের জেনারেল সেক্রেটারি মো. জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিহাব উদ্দিন চৌধুরী এবং ইউএনডিপির সিনিয়র ভলান্টিয়ার মো. আজাদ মোড়লসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।