জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কের আন্তালিয়াগামী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইস্তাম্বুল বিমানবন্দরে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ। পরে ভিভিআইপি মর্যাদায় তাকে বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটে আন্তালিয়ার উদ্দেশে রওনা হন তিনি।
বুধবার (১১ নভেম্বর) আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সম্মেলনের পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন তিনি।