সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আবারও বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে শিল্পাঞ্চলের অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন।
আহতদের মধ্যে রয়েছেন আশুলিয়ার স্টারলিং স্টাইলস লিমিটেডের শ্রমিক আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। এ ছাড়া সংঘর্ষে আরও কয়েকজন শ্রমিক এবং তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতির প্রেক্ষাপটে আশপাশের হা-মীম, এনভয়, লাইন, ভার্চুয়াল, নেক্সট কালেকশন ও স্টারলিং স্টাইলসসহ বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে এনভয় ও স্টারলিং কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় শ্রমিক-পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু অভিযোগ করে বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু কারখানা বন্ধের নোটিশ দেখে প্রতিবাদ জানালে পুলিশ তাদের বাধা দেয়। শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিবর্তে শ্রমিকদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকরা বিক্ষোভের পাশাপাশি সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা এনভয় ও স্টারলিং পোশাক কারখানায় ভাঙচুরের চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ব্যবহার করলেও কোনো রাবার বুলেট নিক্ষেপ করেনি।
তিনি আরও জানান, শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।