রাজশাহীর তানোর উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের ভেতরের আসবাসপত্র পুড়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
জানা গেছে, একতলা একটি ভবনের দোকানঘরে বিএনপির এই কার্যালয়টি খোলা হয়েছিল। রাতের আধারে কে বা কারা সেই কার্যালয়টিতে আগুন দেয়। এতে করে কার্যালয়ের ভেতরের আসবাসপত্র পুড়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন বলেন, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারা কার্যালয় পুড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, শেষরাতের দিকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে কার্যালয়ের ভেতরের আসবাসপত্র পুড়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।