রাজশাহী নগরের লক্ষ্মীপুরের একটি আবাসিক হোটেল থেকে বুলবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে নগরের লক্ষ্মীপুর এলাকার আল নূর গেস্ট হাউস আবাসিক-২-এর একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, বুলবুল হোসেনের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা থেকে তার কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে হোটেল কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিছানায় বুলবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়।
রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, বুলবুল ব্যবসায়ী। ব্যবসার কাজে শহরে এসে মাঝে মাঝেই হোটেলে থাকতেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারপরও নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।
তিনি জানান, খবর পেয়ে পরিবারের সদস্যরা এসেছেন। এই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।