নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ম্যানারস শিখানোর নামে কোনো র্যাগিং চলবে না জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী। তিনি বলেছেন, জুনিয়রদের আইসক্রিম দিতে পারবেন, কেক খাওয়াতে পারবেন, বন্ধুত্ব করতে পারবেন, রাতের অন্ধকারে ডেকে নিয়ে যে মেনারিজম শেখাবেন, আমি কিন্তু সদা প্রস্তুত থাকব, গাড়ি নিয়ে সেই মেসেই কিন্তু যাব। যিনি করবেন, ছাত্রত্ব বাতিল থেকে বিধি মোতাবেক যা যা করা যায়, প্রয়োজনে মামলা করে তাদেরকে কোর্ট দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু কোনো জুনিয়রকে র্যাগিংয়ের শিকার হতে দেব না। র্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে নওগাঁ বিশ্ববিদ্যালয়।
রোববার (০৮ নভেম্বর) দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আইন ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের কোর্স সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, আমরা একটা মানসম্মত বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই। আমরা একটা নতুন মডেল বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই, যে বিশ্ববিদ্যালয় সারা দেশের বিশ্ববিদ্যালয়কে আঙুল দিয়ে দেখাবে যে আমরা মেধাবীদের একটি ক্ষেত্র পরিণত করেছি। গবেষণা করার জন্য ডিজিটাল লাইব্রেরি এখানে আছে। আমার কলিগরা আছেন, আমি অনুরোধ করব তাদের গবেষণা কার্যক্রমগুলো সাইড বাই সাইড বাই চালু রাখার। আমাদের পক্ষ থেকে যত সহযোগিতা লাগে আমরা ইনশাআল্লাহ করব।
তিনি বলেন, নওগাঁর মানুষ যে আস্থা আমাদের প্রতি রেখেছে, এখন আমাদের দ্বিতীয় কাজটি হলো নওগাঁর মানুষের আস্থার মূল্য দেওয়া। তা অর্জনের জন্য আমাদেরকে ২০২৭ সালের মধ্যে জমি একোয়ার, ল্যান্ড ডেভেলপমেন্ট, বাউন্ডারি ওয়াল, যে পাঁচটা ইউনিক ভবন আমরা তৈরি করব, তাতে আমাদেরকে হাত দিতে হবে। আমি আপনাদের মাধ্যমে সদাশয় সরকার, যে সরকার প্রথমবারের মতো ৫৪ বছরের বাংলাদেশের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেছেন, সেই সরকারের কাছে আমি অনুরোধ করতে চাই, আমরা যে ডিপিবিটা জমা দিয়েছি এবং আমরা আশা করতে চাই— যে সদাশয় সরকার এই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের বা এই নওগাঁ মানুষের স্বপ্ন পূরণে এই প্রজেক্ট দ্রুত অনুমোদন করে আমাদের এই কাজ করার সুযোগ দেবেন।
অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.মোহাম্মদ তারিকুল ইসলাম, বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মালিহা খানম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সানজিদা কবির, আইন বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম সৌরভসহ শিক্ষার্থীরা অনুভূতি ব্যক্ত করেন।
সূত্র: ঢাকা পোস্ট