চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে।

রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, এবার প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। এ ছাড়া সিদ্ধ চালের দাম প্রতি কেজি ৪৯ টাকা এবং আতপ চালের দাম ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, আগামী ২৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে, যা চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। এ কার্যক্রমও শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।

খাদ্যমন্ত্রী জানান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা, খাদ্যশস্যের মজুদ, সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থা এবং খাদ্যশস্য আমদানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

গত বছরের সংগ্রহমূল্যের তুলনা তুলে ধরে তিনি জানান, ২০২৫ সালে সরকার প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা দরে সংগ্রহ করেছিল। ওই মৌসুমে ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনি ইশতেহার ২০২৬’-এর প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বৈষম্যহীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনে কাজ করছে। এ লক্ষ্যে কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন।

কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের এই খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের প্রধান উদ্দেশ্য বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।