দেশে বর্তমানে ১৭ লাখ মেট্রিক টন চাল ও ৩ লাখ মেট্রিক টন গম মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, দেশে খাদ্যসংকটের কোনো আশঙ্কা নেই। পর্যাপ্ত খাদ্য মজুদ থাকায় অভাবে কারও মৃত্যু হবে না।
রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
খাদ্যমন্ত্রী জানান, চলতি বছর আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ মেট্রিক টন। প্রতি কেজি ধান ৩৫ টাকা দরে কৃষকদের কাছ থেকে কিনবে সরকার। কৃষকরা বিক্রি করতে আগ্রহী হলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান সংগ্রহ করা হবে।
এ ছাড়া ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহমূল্য ৪৯ টাকা। পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে, যার প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ টাকা।
মন্ত্রী জানান, আগামী ১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমন ধান সংগ্রহ কার্যক্রম চলবে। অন্যদিকে চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে, যা চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
বাজার পরিস্থিতি নিয়ে খাদ্যমন্ত্রী বলেন, মোটা চালের দাম বাড়েনি, তবে মিনিকেট চালের দাম বেড়েছে।
চাল রপ্তানির সুযোগ অন্তর্বর্তী সরকারের সময় দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে আফরোজা খানম বলেন, কৃষকদের আরও ভালো অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে।