দেশের সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে সমবায় সমিতিগুলোকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি তাদের সক্ষমতা বাড়ানো, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ নেওয়া এবং বিদ্যমান আইন যুগোপযোগী করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, দুর্নীতির কারণে দেশের অধিকাংশ সমবায় সমিতি কার্যকারিতা হারিয়েছে। বর্তমানে হাতে গোনা কয়েকটি সমিতি ভালোভাবে কার্যক্রম পরিচালনা করছে। সমবায় আন্দোলনের হারানো গৌরব ফিরিয়ে আনতে হলে প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করার বিকল্প নেই।
রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ১৯০৪ সালে সমবায় আন্দোলনের সূচনা হয়। দীর্ঘদিন ধরে এ আন্দোলন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমবায়কে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তাঁর স্বনির্ভর বাংলাদেশ গড়ার পরিকল্পনার সঙ্গেও সমবায় আন্দোলনকে সম্পৃক্ত করা হয়েছিল।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ষাটের দশকে বাংলাদেশের সমবায় আন্দোলনের অন্যতম পথিকৃৎ ড. আখতার হামিদ খানকে পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। এর ফলে সমবায় আন্দোলন বিকাশের নতুন সুযোগ তৈরি হয়।
এ সময় সমবায় খাতের উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। পাশাপাশি বর্তমান সরকারের নেতৃত্বে এ খাত আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সমবায় আন্দোলনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, অতীতে সমবায় খাতের যে অবস্থান ও সাফল্য ছিল, তা এখন আর নেই। ধীরে ধীরে এ আন্দোলন দুর্বল হয়ে পড়েছে। আগের মতো সমবায় কার্যক্রমের প্রতি গুরুত্ব ও মনোযোগও দেখা যাচ্ছে না।
এ পরিস্থিতি থেকে উত্তরণে সমবায় খাতের সম্প্রসারণ ও উন্নয়নের উপযোগী করে বিদ্যমান আইন সংশোধন এবং যুগোপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, দেশে এনজিও কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। এর সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে সমবায় প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়েছে। তাই এনজিওগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকার মতো সক্ষমতা সমবায় সমিতিগুলোর মধ্যে গড়ে তুলতে হবে।
সমবায় প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণেও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সমবায় সমিতিগুলো বিভিন্ন পণ্য উৎপাদন করলেও সেগুলো বাজারে পৌঁছানোর ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। এ সমস্যা সমাধানে সমবায় অধিদপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগ নিতে পারে। প্রয়োজনে সমবায়ভিত্তিক কোম্পানি গঠন করে উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সমিতিগুলোকে সহযোগিতা করা যেতে পারে।
তিনি আরও বলেন, পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে বিদ্যমান ঘাটতি দূর করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সমবায়ের মূল দর্শনই হচ্ছে সম্মিলিতভাবে কাজ করা। নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করেও সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে সফল সমবায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সম্প্রতি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি পরিদর্শন করে সেখানকার কার্যক্রম দেখে তিনি সন্তুষ্ট হয়েছেন। অনুষ্ঠানে কয়েকটি সফল সমবায় প্রতিষ্ঠানের অগ্রগতি ও কর্মকাণ্ড দেখেও আনন্দ প্রকাশ করেন তিনি।
সমবায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁরা এখনো সমবায় আন্দোলনকে টিকিয়ে রেখেছেন। তবে শুধু ধরে রাখলেই চলবে না, এ আন্দোলনকে আরও বিস্তৃত করতে হবে এবং দেশের মানুষের কাছে এর গুরুত্ব তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব, সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি মো. আবদুস সালাম বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক সেলিম ফকির।
এ বছর সমবায় দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘করবো সমবায়, গড়বো দেশ। সবার জন্য বাংলাদেশ’। অনুষ্ঠান শেষে সফল সমবায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রপতি। এর আগে তিনি অনুষ্ঠানে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।