চিত্রনায়িকা পরীমণির কাছে সাংবাদিক হয়রানি, হত্যার হুমকি এবং জাতীয় সংগীত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।
রোববার (৮ নভেম্বর) পরীমণি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অশালীন বক্তব্য, অঙ্গভঙ্গি ও আচরণ থেকে বিরত থাকতে এবং চলচ্চিত্র শিল্পী সমিতিকে পরীমণির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। এদিন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে তার নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় পরীমণি সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেন এবং তার ভিডিও ধারণের ট্রাইপড ভাঙচুর করা হয়।
এ ঘটনায় কয়েকজন সাংবাদিক ও একজন বিচারপ্রার্থী আহত হন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আদালত থেকে বের হওয়ার পর পরীমণি ওই সাংবাদিককে অশালীন ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া গত ৬ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় সংগীত ব্যবহার করে আপত্তিকর বক্তব্যসংবলিত পোস্ট দেওয়ার অভিযোগও নোটিশে তুলে ধরা হয়েছে।
আইনজীবী নোটিশে জাতীয় সংগীত অবমাননা, অপরাধমূলক ভীতি প্রদর্শন ও ইচ্ছাকৃত অপমানের বিষয়ে প্রচলিত আইনের বিভিন্ন ধারা উল্লেখ করেছেন। তার দাবি, একজন জনপ্রিয় চলচ্চিত্রশিল্পী হিসেবে পরীমণির আচরণ তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
নোটিশে আরও বলা হয়েছে, এসব অভিযোগের পরও চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে কোনো সাংগঠনিক বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এতে সংগঠনটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
নির্ধারিত সাত দিনের মধ্যে ক্ষমা প্রার্থনা ও প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।