রাজশাহীর পদ্মা নদীতে ভ্রমণ ও বিনোদনের নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে ‘সোনার তরী’ হাউজ বোট। নদীর বুকে ভেসে পদ্মা নদীর মাঝচর, টি-বাঁধ, সোনাইকান্দিসহ আশপাশের ঘুরে দেখার সুযোগ পাবেন ভ্রমণপিপাসুরা। নদীকেন্দ্রিক সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে হাউজ বোট চালূর কথা বলছেন সংশ্লিষ্টরা।

প্রাথমিকভাবে তিনটি প্যাকেজে পরিচালিত হবে ‘সোনার তরী’। এরমধ্যে প্রতি শুক্রবার ও শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকছে দিনব্যাপী ভ্রমণের বিশেষ আয়োজন। এ প্যাকেজে দুইবার নাশতা ও দুপুরের খাবারসহ জনপ্রতি খরচ নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা। এ ছাড়া সপ্তাহের বাকি পাঁচ দিন থাকছে দুটি চার ঘণ্টার প্যাকেজ। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভ্রমণে জনপ্রতি খরচ পড়বে ১ হাজার ৫০০ টাকা। অন্যদিকে, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভ্রমণের জন্য জনপ্রতি খরচ নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮০০ টাকা। এতে থাকছে দুইবার নাস্তার ব্যবস্থা।

সংশ্লিষ্টরা বলছেন, রাজশাহী শহরের পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। অথচ নদীকে ঘিরে পরিকল্পিত বিনোদনের সুযোগ তুলনামূলক কম। সেই অভাব পূরণে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। হাউজ বোটটিতে একসঙ্গে প্রায় ১৫০ জন ভ্রমণ করতে পারবেন।

‘সোনার তরী’ হাউজ বোটের ম্যানেজার আবির হোসেন বলেন, ‘রাজশাহী শহর একদম পদ্মা নদীকে ঘিরে। সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হতে পারে এই নদী। এর বাইরে বিনোদনের তেমন জায়গা নেই। সে চিন্তা থেকেই আমরা হাউজ বোট নিয়ে এসেছি। পদ্মা নদীতে বছরে প্রায় ছয় মাস পানি থাকে। সে সময়টাকে কাজে লাগিয়ে নদীকেন্দ্রিক বিনোদনের সুযোগ তৈরি করতে চান তারা। হাউজ বোটটি সুনামগঞ্জের ডাঙ্গার হাওর থেকে রাজশাহীতে নিয়ে আসতে পাঁচ দিন সময় লেগেছে। শুক্রবার প্রথম দিনেই দর্শনার্থীদের ভালো সাড়া পাওয়া গেছে।

বোটে ভ্রমণ করা সাইফুল ইসলাম বলেন- ভালোই লাগছে ভ্রমণ করতে। এই প্রথম এমনভাবে নদীর বুকে ভ্রমণ করলাম। ছোট নৌকায় ভ্রমণ করতে ভয় লাগে দুর্ঘটনার সঙ্কায়। কিন্তু এই বোট ভ্রমণ করতে ভালোই লেগেছে।

রাজিব নামের এক ব্যক্তি বলেন- রাজশাহীতে এটি বিনোদনের আরেকটি জায়গায় সৃষ্টি হলো। তবে পদ্মা নদীতে বেশিদিন পানি থাকে না। তাই এই বোট কতদিন চলবে সেটা দেখার বিষয়। সব মিলে যারা এই আয়োজন করেছেন সেটা ভালো উদ্যাগ।

‘সোনার তরী’ হাউজ বোটের ম্যানেজার আবির হোসেন বলেন,বর্তমানে বোটটি নগরীর পদ্মা গার্ডেন এলাকায় মনিজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পদ্মা নদীতে নোঙর করে রাখা হয়েছে। নতুন এই উদ্যোগে পদ্মার চেনা সৌন্দর্য উপভোগের পাশাপাশি নদীভ্রমণকে কেন্দ্র করে রাজশাহীতে বিনোদন ও পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।