বগুড়ায় ক্যানসার ও লিভারসহ নানা জটিল রোগের উন্নত চিকিৎসার সুযোগ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে শিশুদের জন্য পৃথক নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপন এবং চিকিৎসক সংকট নিরসনেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ‘এসজেডএমসি ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বগুড়া পুরো উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল। এ কারণে এখানে ক্যানসার ও লিভারসহ জটিল রোগের উন্নত চিকিৎসার সুযোগ বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো লিখিতভাবে জানাতে বলা হয়েছে। পর্যায়ক্রমে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
শজিমেক হাসপাতালে শিশুদের জন্য পৃথক আইসিইউ না থাকা এবং চিকিৎসক সংকটের বিষয়ে তিনি বলেন, দেশে নতুন করে প্রায় ২০টি আইসিইউ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়াও রয়েছে।
তিনি আরও বলেন, সদ্য নিয়োগ পাওয়া ৫০০ চিকিৎসকের মধ্যে ১৭ জন চিকিৎসককে ইতোমধ্যে বগুড়ার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও চিকিৎসক পদায়ন করা হবে। এ ছাড়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
হাসপাতালের চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের বড় বড় হাসপাতালগুলোতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে ১৫টি হাসপাতালে এই সেবা চালু হয়েছে। বগুড়াসহ যেসব হাসপাতালে এ ব্যবস্থা নেই, সেগুলোকেও পরিকল্পনার আওতায় আনা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, শজিমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদারসহ অন্যরা।