চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে আহত মনিরুল ইসলামকে আটক করে ভারতে নিয়ে গেছে বিএসএফ। এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানা যায়নি। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের বিপরীতে মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। মনিরুল হরিহরনগর গ্রামের লিয়াকত আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মনিরুলসহ কয়েকজন সীমান্তের কাঁটাতারের কাছাকাছি গিয়েছিলেন। তাদের দেখতে পেয়ে বিএসএফ সদস্যরা গুলি ও রাবার বুলেট ছোড়েন। এতে মনিরুলের পায়ে গুলি লাগে এবং পিঠের বিভিন্ন স্থানে রাবার বুলেটের আঘাত লাগে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সঙ্গীরা পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে বিএসএফ সদস্যরা আহত মনিরুলকে আটক করে ভারতের ভেতরে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য আরজাম হোসেন বলেন, গ্রামের ওয়েল্ডিং মিস্ত্রি মনিরুল বিএসএফের গুলিতে আহত হয়েছেন। তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সদস্যদের বরাতে জানতে পেরেছি মনিরুল বর্তমানে ভারতের ভেতরে চিকিৎসাধীন।

এ বিষয়ে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, মনিরুল ইসলাম নামে একজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। বিএসএফ তাকে ধরে নিয়ে গেছে। তবে তিনি জীবিত আছেন, নাকি মারা গেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে শুক্রবার রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সন্ধ্যা ৭টার দিকে মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে মেইন পিলার ৬৩/১-এস-এর কাছে শূন্য রেখা থেকে প্রায় ২০০ গজ ভারতের ভেতরে কাঁটাতারের বেড়ার পাশে গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে মেদিনীপুর ক্যাম্পের বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে পাল্টা ফায়ার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের অধীন টুঙ্গী ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিএসএফের সঙ্গে অধিনায়ক পর্যায়ে যোগাযোগ অব্যাহত আছে এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সতর্ক ও পেশাদার অবস্থানের কথা বলা হয়। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমসহ সীমান্ত এলাকায় অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

সূত্র: ঢাকা পোস্ট